পুরস্কার এমনও হয়!

পুরস্কার মানেই আনন্দ। সেই পুরস্কার যদি হয় একটু অন্য রকম বা অভাবনীয়, তাহলে আনন্দের সঙ্গে বিস্ময়ও এসে মেশে। ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ম্যাচসেরা হয়ে তেমনই এক পুরস্কার পেয়েছিলেন ইংল্যান্ডের লুক রাইট। ব্লেন্ডার পাওয়ার বিস্ময় আবাহনীর ব্যাটসম্যান চেপে রাখতে পারেননি। টুইটে নিজের বিস্ময়টাও প্রকাশ করেছিলেন, ‘ম্যান অব দ্য ম্যাচের জন্য এর আগে কখনো ব্লেন্ডার পাইনি!’ ইংল্যান্ডের আরেক ক্রিকেটার ক্রিস ওকস যেটিকে বলেছিলেন ‘বেমানান’।
রাইট-ওকসরা জানতেন কি না কে জানে! তবে খেলায় এমন অদ্ভুত পুরস্কার বা উপহার পাওয়ার গন্ডা গন্ডা উদাহরণ আছে। গরু, ভেড়া থেকে শুরু করে গাছ অথবা বিয়ার—কী নেই পুরস্কারের তালিকায়! ১৮টি গ্র্যান্ড স্লাম ট্রফি জিতেছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। জীবনে অর্থ পুরস্কারই পেয়েছেন ১০ কোটি ডলারের বেশি। এই ফেদেরারই কিনা নিজের দেশের টুর্নামেন্ট সুইস ওপেনে কর্তৃপক্ষের কাছ থেকে উপহার পেয়েছেন গরু! ২০১৩ সালে ফেদেরারের গাভি উপহার পাওয়ার স্মৃতি অনেকের মনেই এখনো তাজা। বড় বড় টুর্নামেন্টে খেলতে ব্যস্ত ফেদেরার ২০০৪ সালের পর সেবারই প্রথম সুইস ওপেনে খেলেন। ফেরা উপলক্ষে ফেদেরারকে এই উপহার দিয়েছিল সুইস ওপেন কর্তৃপক্ষ। ২০০৩ সালে উইম্বলডন জয়ের পর সুইস ওপেন খেলতে গিয়েও গরু উপহার পেয়েছিলেন সুইজারল্যান্ডের তারকা। তখন উপহারটি বেশ পছন্দই হয়েছিল ফেদেরারের। সুন্দর একটি নামও দিয়েছিলেন গাভিটির—জুলিয়েট!
জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী রবার্ট মুগাবের স্ত্রী শেলি মুগাবে ছিলেন আরেক কাঠি সরেস। ১৯৮০ মস্কো অলিম্পিকের সোনা জিতে দেশে ফিরেছিল দেশটির নারী হকি দল। জিম্বাবুয়েতে তখন তাঁরা ‘গোল্ডেন গার্ল’। প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণ পাওয়া তাঁদের জন্য বিস্ময়ের ছিল না। তবে বিস্ময় হয়ে এসেছে সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পত্নী শেলির দেওয়া পুরস্কারের ঘোষণা। সোনাজয়ী মেয়েদের প্রত্যেককে একটি করে ষাঁড় উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।
অন্য রকম উপহার দেওয়া বা পাওয়ার ঘটনা ফুটবলেই হয়তো বেশি। ফুটবলে মধুরতম দুটি মুহূর্তের একটি গোল করা। অন্যটি টুর্নামেন্ট বা লিগ জিতে ট্রফি উঁচিয়ে ধরা। এ মুহূর্ত দুটিতে মাঠে খেলোয়াড়দের আর গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস টেলিভিশনের কল্যাণে সবারই চোখে পড়ে। কিন্তু খেলোয়াড়দের বিশ্বজোড়া ভক্ত, স্বজন আর সমর্থকদের উচ্ছ্বাসটা রয়ে যায় অগোচরে। কেউ প্রিয়জনকে উপহার দিয়ে সাফল্যের আনন্দ ভাগ করে নেন। কেউ বা অন্য কিছু করেন। মেজর লিগ সকারের দল পোর্টল্যান্ড টিম্বার্সের মাসকট জোয়ি ওয়েবারের কথাই ধরুন। প্রিয় দলের গোল উদ্যাপনটা তিনি করেন অনন্যভাবে। দলের প্রতিটি গোলের জন্য মোটা গাছের গুঁড়ি থেকে করাত দিয়ে একটি করে টুকরো কাটেন। এর জন্য ওয়েবারের নামই হয়ে গেছে ‘টিম্বার (কাঠ) জোয়ি’।
বায়ার্ন মিউনিখের সমর্থক গোষ্ঠী তাঁদের প্রিয় ক্লাবের গোলের উৎসব জমিয়ে রাখেন মৌসুম শেষের পার্টির জন্য। এদিন পুরো মৌসুমে দলের প্রতিটি গোলের জন্য ১০০ লিটার বিয়ার বিলিয়ে দেন তাঁরা। জার্মানিরই আরেক ক্লাব এসসি ফ্রেইবুর্গের সমর্থকদের গোল-উৎসব আবার পরিবেশবান্ধব। দলের প্রতিটি গোলের জন্য নিজেদের এলাকায় একটি করে গাছ রোপণ করেন তাঁরা। তাঁদের অবশ্য স্পনসরও আছে। ক্রোয়েশিয়ার এনকে জাগোরের এক পৃষ্ঠপোষক দলের ডিফেন্ডারদের প্রতিটি গোলের জন্য একটি করে ভেড়া দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তৃতীয় বিভাগের দলটির হয়ে সেবার ১৬টি গোল করেছিলেন ডিফেন্ডার ইভাচা সুপে। এর বিনিময়ে একটি ভেড়ার পালই হয়ে যায় তাঁর!
প্রেস্টন নর্থ এন্ডের ডিফেন্ডার স্কট লেয়ার্ড ছোটবেলায় প্রতিটি গোলের জন্য তাঁর দাদির কাছ থেকে পেতেন ১ পাউন্ড করে। তাঁর সতীর্থদের জন্যও বরাদ্দ ছিল এটা। লেয়ার্ড এখন অনেক পাউন্ডের মালিক। তবে ছোট্টবেলার প্রথাটা ধরে রেখেছেন। ২০১৪-১৫ মৌসুমের এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে প্রেস্টন নর্থ এন্ডের গোলটি করেছিলেন লেয়ার্ড। ম্যাচ শেষে পাউন্ডের কথা মনে করিয়ে দিতে দাদিকে ফোন দিয়েছিলেন। দাদিও মজা করে বলেছিলেন, ‘এটা চুক্তিতে ছিল না!’ তবে এত বড় একটি দলের বিপক্ষে গোল করার জন্য বৃদ্ধা প্রিয় নাতিকে ঠিকই পাউন্ড উপহার দিয়েছিলেন—১ বা ২ পাউন্ড নয়, দিয়েছিলেন ২৭ পাউন্ড।
গোল করলেই এমন উপহার, শিরোপা জয়ের জন্য উপহারটা তো তাহলে অন্য রকম হতেই হয়! ২০১৪ বিশ্বকাপের আগে হল্যান্ড দলকে বেশ লোভনীয় এক পুরস্কার দেওয়ারই ঘোষণা দিয়েছিল একটি মহাকাশ প্রকৌশল প্রতিষ্ঠান। বিশ্বকাপ জিতলে পুরো দলকে মহাকাশে পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তারা। পার্সি-রোবেন-স্নাইডারদের অবশ্য অত ওপরে যাওয়া আর হয়নি। বিশ্বকাপের ট্রফিই যে উঁচিয়ে ধরতে পারেননি তাঁরা। সূত্র: ফিফাডটকম, ডেইলি মেইল।