পুরস্কার পাচ্ছেন দুই বক্সার:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বাংলাদেশ গেমসে রেকর্ড গড়লেই এক লাখ টাকা পুরস্কার—বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) দিয়েছিল এ ঘোষণা। সেই হিসাবে এবারের গেমসে রেকর্ড গড়া ২৫ অ্যাথলেট পাবেন এই পুরস্কার। কিন্তু তালিকায় যোগ হয়েছে দুই বক্সার সুরকৃষ্ণ চাকমা ও আল আমিনের নামও। যদিও তাঁরা রেকর্ড গড়েননি।

৬৪ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ রেলওয়ের সুরকৃষ্ণ হারিয়েছেন এসএ গেমসে সোনাজয়ী সেনাবাহিনীর আবদুর রহিমকে। ৬৯ কেজিতে সেনাবাহিনীর আল-আমিন হারান এসএ গেমসের আরেক সোনাজয়ী আনসারের জুয়েল আহমেদকে (জনি)।

বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক কুদ্দুস খানের ব্যাখ্যায়, ‘বক্সার সুরকৃষ্ণ ও আল আমিন এসএ গেমসে সোনাজয়ীদের বিশাল ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে। এ ক্ষেত্রে এটাও রেকর্ডের আওতায় পড়ে। অলিম্পিকের সম্মতি নিয়েই আমি রেকর্ডধারীদের তালিকায় দুজন বক্সারের নাম দিয়েছি। এই পুরস্কার ভবিষ্যতে বক্সারদের অনুপ্রাণিত করবে।’