পুরস্কার পাচ্ছেন না আনসারের সাঁতারুরা
ঝিনাইদহ শহরে ছোট্ট একটা পানের দোকানের আয়ে সংসার চলে আনিসুর রহমানের। তাঁকে আর্থিকভাবে সহযোগিতা করেন মেয়ে সোনিয়া আক্তার। বাংলাদেশ আনসার এ দেশের খেলাধুলায় অনেক বড় একটা পৃষ্ঠপোষক। আর এই আনসারের সাঁতারু হওয়ার সুবাদে সোনিয়া বেতন ও রেশন যা পান, সেটা দিয়ে নিম্নবিত্ত পরিবারটির মোটামুটি চলে যায়। সোনিয়ার মতো বাংলাদেশ আনসারে খেলছেন ডলি আক্তার, সবুরা খাতুন, লাবনী আক্তার (জুঁই), চামেলি খাতুন, জুয়েল আহমেদরা। এসব সাঁতারুর মাসোহারা ছাড়াও আনসার থেকে দেওয়া হয় বোনাস। কিন্তু বোনাস দেওয়ার কথা থাকলেও গত বছর থেকে সেটি পাচ্ছেন না বলে অভিযোগ এই সাঁতারুদের।কোনো ইভেন্টে সোনা জিতলে আনসারের একজন সাঁতারু পেয়ে থাকেন ৬ হাজার টাকা, রেকর্ড গড়ে সোনা জিতলে আরও ৮ হাজার। সব মিলিয়ে ১৪ হাজার টাকা পান। একেকজন আট-দশটি করে ইভেন্টে অংশ নেন। সর্বোচ্চ ১৪টিতেও অংশ নেওয়ারও উদাহরণ আছে। রেকর্ড এবং সোনা জেতা মিলিয়ে বছরে ভালোই অর্থ পুরস্কার পেয়ে থাকেন সাঁতারুরা। সোনিয়ার দাবি, ‘প্রায় এক লাখ টাকা মতো পাওনা আছে আমার। আশা ছিল, গ্রামে নতুন বাড়ি তৈরি করব। কিন্তু টাকার অভাবে পারছি না।’ সবুরা-ডলিরও দাবি, তাঁদেরও বোনাসের টাকা আটকে আছে। আনসার প্রতিবছরই পুরস্কার ও বোনাসের টাকা একটি অনুষ্ঠান করে খেলোয়াড়দের হাতে তুলে দেয়। কিন্তু এবারের অনুষ্ঠান নিয়ে সংশয় রয়েছে আনসারের কোচ-কর্মকর্তাদের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আক্ষেপ করে বলছিলেন, ‘আনসার ধীরে ধীরে বিজেএমসিতে রূপ নিচ্ছে। খেলোয়াড়দের উৎসাহ দেওয়া, তাদের পক্ষ নিয়ে কথা বলার মতো কর্মকর্তা কমে যাচ্ছে আনসারে। এদের টাকাপয়সা দেওয়ার ব্যাপারেও অনাগ্রহ। এভাবে চলতে থাকলে আনসার দলটি হয়তো একদিন শেষ হয়ে যাবে।’ এ ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য আনসারের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজওয়ানুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।