পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বিশ্বাসই হচ্ছে না। এত আনন্দ হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়’—ওরিয়ন-প্রথম আলো অনলাইন বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে প্রথম বিশেষ পুরস্কারটা হাতে পেয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন ঢাকার গোড়ান থেকে আসা আহছান আরেফিন খান।পুরস্কার হিসেবে আরেফিন পেয়েছেন ঢাকা-কুয়ালামপুর-ঢাকার বিমান টিকিট। তাও আবার শুধু তাঁর একার জন্য নয়, সঙ্গীসহ! কাকে নিয়ে এই স্বপ্নের ভ্রমণটা করবেন—প্রশ্ন করতেই আরেফিন সলজ্জ ভঙ্গিতে ইঙ্গিত করলেন বাঁ পাশের চেয়ারে বসা স্ত্রী তৈয়াবাতুন জাহানের দিকে।কেবল আহছান আরেফিন নন, উপস্থিত পুরস্কারজয়ী সবার প্রতিক্রিয়া ছিল কমবেশি একই রকম। মিরপুর থেকে আসা তসলিমা আখতারের কথাই ধরুন। তিনি জিতেছেন মেগা পুরস্কার, স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব। এসেছিলেন তাঁর স্বামী আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে। পুরস্কারটা হাতে নিয়ে অবিশ্বাস্য চোখে বলছিলেন, ‘ক্রিকেটের জন্যই তো এই পুরস্কার। আমার খুব, খুব ভালো লাগছে।’গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল—তিন পর্বে প্রতিদিনের কুইজে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে তিনজনকে দেওয়া হয় মেগা পুরস্কার স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব। ফাইনালের কুইজে বিজয়ী তিনজনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। প্রথম বিশেষ পুরস্কার জয়ীকে সঙ্গীসহ ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, দ্বিতীয় বিশেষ পুরস্কার জয়ীকে সঙ্গীসহ ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ও তৃতীয় বিশেষ পুরস্কার জয়ীকে দেওয়া হয় সঙ্গীসহ ঢাকা-কলকাতা-ঢাকা বিমান টিকিট। এ ছাড়া গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে প্রতিদিনের কুইজে বিজয়ী ৩৬ জনকে দেওয়া হয় নকিয়া ২৭০০ মডেলের মোবাইল ফোনসেট।অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও আকরাম খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং জাতীয় দলের ক্রিকেটার জাভেদ ওমর, সানোয়ার হোসেন ও তুষার ইমরান। এর আগে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের হাতে প্রীতি উপহার তুলে দেন ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক ও ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।প্রথম আলো বন্ধুসভা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের প্রাণবন্ত উপস্থাপনায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে এই পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানটি শুরু হয় আজ শনিবার দুপুর ১২টায়।সালমান ওবায়দুল করিম বলেন, ‘বাংলাদেশের মানুষ এমনিতেই ক্রিকেটপ্রেমী। ঘরের মাঠে বিশ্বকাপ বলে এবারেরটা বিশেষ কিছু ছিল। এর সঙ্গে জড়িত থাকতে পেরে, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা উজ্জীবিত, গর্বিত।’আনিসুল হক বলেন, বাংলাদেশের মানুষ এ দেশের প্রধান শক্তি, এ দেশের ক্রিকেটের প্রধান শক্তি। বিশ্বকাপে কথাটি আরেকবার প্রমাণ করেছে এ দেশের মানুষ।’ তিনি আরও বলেন, ‘তরুণেরা যে বাংলাদেশকে বদলাবে এর উদাহরণ আমাদের ক্রিকেট দল। যখন দেখি আমাদের দল ইংল্যান্ডকে হারাচ্ছে, নেদারল্যান্ডসকে হারাচ্ছে—তখন বুঝি, দিনবদল সূচিত হয়েছে।’আনিসুল হকের কথার সূত্র করে উৎপল শুভ্র বলেন, ‘ক্রিকেট একটা সংস্কৃতির অংশ বলেই আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম। বিশ্বকাপের মাধ্যমে আমরা সেই সংস্কৃতি আরেকবার তুলে ধরেছি। আমি মনে করি, বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত হলেও আয়োজনের দিক থেকে বাংলাদেশই চ্যাম্পিয়ন। আয়োজনের দিক থেকে ভারত বা শ্রীলঙ্কা আমাদের ধারে-কাছেও নেই।’গাজী আশরাফ হোসেন বলেন, ‘বিশ্বকাপের আয়োজক হিসেবে আমরা অনেক অর্জন করেছি। দল হিসেবেও মন্দ করিনি। ক্রিকেটের সমর্থক আগের চেয়ে অনেক বেড়েছে, ক্রিকেটারদের ওপর প্রত্যাশাও বেড়েছে। কিন্তু আমার প্রশ্ন, কত দূর আমরা ক্রিকেটারদের খেলার ব্যবস্থা করতে পেরেছি।’ ক্রীড়াঙ্গনের ভগ্ন-দশা দূর করতে প্রথম আলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গাজী আশরাফ বলেন, ‘কাউকে না কাউকে এগিয়ে আসতেই হয়। প্রথম আলোকে বলব, একটা প্রচারণা চালাতে। আমরা যেন ক্রীড়াঙ্গনের ভঙ্গুর অবকাঠামো থেকে বেরিয়ে আসতে পারি।’অনুষ্ঠান শুরু হয় ইবরার টিপু ও কণার কণ্ঠে ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গান দিয়ে। পুরস্কার হস্তান্তরের আগে শফিক তুহিন গান ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি। শেষটাও হয় গান দিয়েই। ‘জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ’সহ তিনটি মনোমুগ্ধকর গান গেয়ে পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানের সুনিপুণ সমাপ্তি আনেন আরফিন রুমি ও তাঁর দল দুরবিনের সদস্যরা।