পুরস্কার মঞ্চে অন্য মাবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশকে সাফল্য এনে দিয়ে কেঁদেছিলেন। এখানে বর্ষসেরা রানারআপ পুরস্কার পেয়ে হাসিমুখে মাবিয়া l প্রথম আলো
দেশকে সাফল্য এনে দিয়ে কেঁদেছিলেন। এখানে বর্ষসেরা রানারআপ পুরস্কার পেয়ে হাসিমুখে মাবিয়া l প্রথম আলো

পুরস্কার হাতে নিয়ে তাঁর যে প্রতিক্রিয়া, তাতে মিশে রইল আত্মবিশ্বাসী এক ক্রীড়াবিদের প্রতিচ্ছবি। মাবিয়া আক্তার প্রথমেই বললেন, ‘আমি আর আগের মাবিয়া নেই! আমার জীবন পাল্টে গেছে। আমি এখন যেখানেই যাই সম্মান পাই। সবাই আমাকে ভালোবাসেন।’
একটুও বাড়িয়ে বলেননি গত এক বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচিত এই ভারোত্তোলক। ২০১৬ সালের ফেব্রুয়ারির এক বিকেলে পাদপ্রদীপের আলোয় আনেন নিজেকে। অনেকটা অপ্রত্যাশিতভাবে দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জেতেন। ৬৩ কেজি ওজন শ্রেণিতে সোনা জয়ের পর বিজয়মঞ্চে তাঁর সেই কান্না গোটা দেশকে কাঁদিয়েছে। দৃশ্যটা ইন্টারনেটে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সেই থেকে মাবিয়া মানে লড়াইয়ের প্রেরণা, মাবিয়া মানে নতুন জীবনের গান।
খিলগাঁওয়ে খালের ওপর টংঘর ছেড়ে মাবিয়া এখন ফ্ল্যাটের বাসিন্দা। যে ফ্ল্যাটের ভাড়া জোগায় সরকার। স্বয়ং প্রধানমন্ত্রী তাঁকে ফ্ল্যাট দিচ্ছেন স্থায়ীভাবে থাকার জন্য। এসব প্রাপ্তি মাবিয়ার জীবনের গল্পটা লিখেছে অন্যভাবে। ক্রীড়াঙ্গনের এখন সব অনুষ্ঠানেই মাবিয়ার উপস্থিতি। ভারতের গুয়াহাটিতে এক সোনা জয়ই মাবিয়াকে বানিয়েছে তারকা। গলি থেকে হঠাৎ তাঁর জীবনের চাকা উঠে গেল রাজপথে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় আগেও সোনা জিতেছেন। সেটির স্বীকৃতিস্বরূপ গত বছর রূপচাঁদা-প্রথম আলো বর্ষসেরা নারীর পুরস্কার পেয়েছেন। তবে গতকাল রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০১৬-এর বর্ষসেরা রানারআপ হয়ে মাবিয়ার উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেল। এটি তাঁর কাছে শুধুই পুরস্কার নয়, ‘এই পুরস্কার আমার জীবনের বড় এক অর্জন। অনেক কষ্ট করে এ পর্যন্ত এসে আজ যা পেলাম, তার কোনো মূল্য হয় না। সামনে আরও ভালো করতে চেষ্টা করব।’
অনুষ্ঠান শেষে ভিড়ের মধ্যে কখনো সতীর্থদের সঙ্গে খুনসুটি করেন, কখনো মজা। পুরস্কারের টাকায় খাওয়ার আবদার জুড়লেন সতীর্থরা। এভাবেই কেটে যাচ্ছিল সময়টা। অনেকেই এসে অভিনন্দন জানান। সবাইকে ধন্যবাদ জানাতে জানাতে একফাঁকে বাংলাদেশের ভারোত্তোলনের হঠাৎ পথ হারানো নিয়ে আক্ষেপও ঝরে তাঁর। তবে আগামী মে মাসে আজারবাইজানে ইসলামি সলিডারিটি গেমসে ভালো করেই সব আক্ষেপ দূর করতে চান। মাবিয়া জানেন, তাঁর সেই সামর্থ্য আছে।
এসএ গেমসে সোনা জয় শুধু বিজয়মঞ্চেই তোলেনি মাদারীপুরের মেয়েকে, লড়াইয়ের ক্ষমতাও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তাই বাড়ি ফেরার পথে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আরও ভালো করব। আরও ভালো।’