পুরস্কার হাতে নিতে পারলেন না তিনি
স্বাধীন বাংলাদেশের প্রথম দ্রুততম মানবী শামীম আরা (টলি) আর নেই। ল্যাবএইডের আইসিইউতে চিকিৎসাধীন শামীম আরা কাল সন্ধ্যা ছয়টায় ঢলে পড়েন মৃত্যুর কোলে। খুলে নেওয়া হয় তাঁকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার যন্ত্র। বছর চারেক ধরে কিডনি রোগে ভুগছিলেন ১৯৭৩ ও ১৯৭৫ সালের দেশের এই দ্রুততম মানবী। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। শেষ দিকে চিকিৎসায় আর সাড়া দিচ্ছিল না তাঁর শরীর।একটা দুঃখ নিয়েই বিদায় নিলেন দেশের কৃতী এই অ্যাথলেট। ২০১০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কিন্তু পুরস্কার প্রদান অনুষ্ঠানটা এখনো হয়নি। তাই পুরস্কারটা হাতে তোলা হলো না। বিটিএমসিতে একসময় তাঁর সতীর্থ অ্যাথলেট শোকাহত শামীমা সাত্তার মিমু দুঃখ করে বলছিলেন, ‘পুরস্কারটা হাতে নিতে পারলে হয়তো আপার একটা অতৃপ্তি ঘুচত।’ স্ত্রীকে হারিয়ে শোকে কাতর দেশের সাবেক ম্যারাথন চ্যাম্পিয়ন জহিরুল হক (রতন)। আর দেশের অ্যাথলেটিকস অঙ্গন তো শোকাহতই, সত্তরের দশকে ঘরের বাইরে এসে অ্যাথলেটিকসে নাম লেখানোর সাহস কজন মেয়ের ছিল!