পুরস্কারটা ইনিয়েস্তার প্রাপ্য ছিল: মেসি
বার্সার হয়ে গত মৌসুমটা কেটেছে অবিশ্বাস্য। ৬০ ম্যাচে ৭৩ গোল। লিওনেল মেসির মতো দুর্দান্ত কেটেছে রিয়ালের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোরও। ৫৫ ম্যাচে ৬০ গোল। এবারের উয়েফার ইউরোপ-সেরার পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন তাঁরা দুজনই। অথচ গত পরশু অনুষ্ঠিত ভোটাভুটিতে মেসি বা রোনালদো নন, জিতেছেন বার্সার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।ইনিয়েস্তা ইউরোপ-সেরার মর্যাদা পাওয়ায় অনেকেই বিস্মিত। এই পুরস্কারের অন্যতম দাবিদার ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বার্সায় ইনিয়েস্তার সতীর্থ মেসি সাফ জানিয়ে দিয়েছেন, পুরস্কারটা ইনিয়েস্তার প্রাপ্য ছিল।‘এটা ইনিয়েস্তারই প্রাপ্য ছিল। ও জেতায় আমি খুশি। দলের জন্য ও অনেক কিছু করেছে।’ বার্সার অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছেন মেসি।আর্জেন্টাইন ফুটবল জাদুকর বলেন, ‘ইনিয়েস্তা সব সময়ই বাছাইয়ে তিন বা চারজনের মধ্যে ছিল। ও আমার সতীর্থ, আমার বন্ধু। পুরস্কার জিততে সহায়তা করায় বার্সার সব সতীর্থকে ধন্যবাদ জানিয়েছে ইনিয়েস্তা।’৫৭ জন সাংবাদিকের দেওয়া ভোটের মধ্যে সর্বোচ্চ ১৯টি ভোট পান ইনিয়েস্তা। মেসি ও রোনালদো পান ১৭টি করে ভোট। স্পেনের গত ইউরোতে ইনিয়েস্তার দুরন্ত পারফরম্যান্সই ভোটাভুটিতে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। পুরস্কার পাওয়ার পর সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইনিয়েস্তা, ‘এই পুরস্কার পেয়ে নিজেকে খুব সম্মানিত মনে হচ্ছে। লিও আর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দুই খেলোয়াড়ের পাশে একই মঞ্চে থাকতে পারাটাও আমার জন্য সম্মানের। এই পুরস্কার আমি বার্সা ও স্পেন দলে আমার সতীর্থদের উত্সর্গ করছি। ওদের সহায়তা ছাড়া এটা জেতা আমার পক্ষে সম্ভব ছিল না।’ সূত্র: ইএসপিএন-স্টার।