পুরুষ কাবাডি দলের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষ কাবাডি দল বিদায় নিলো এশিয়াড থেকে। ছবি: ফাইল ছবি
পুরুষ কাবাডি দল বিদায় নিলো এশিয়াড থেকে। ছবি: ফাইল ছবি

২০০৬ সালের পর পাকিস্তানকে কখনোই কাবাডিতে হারাতে পারেনি বাংলাদেশ। আজ ইনচনেও আট বছরের ধারা অক্ষুন্ন রেখেছে বাংলাদেশের পুরুষ কাবাডি দল। পাকিস্তানের কাছে ২৪-১১ পয়েন্টে হেরে এশিয়ান গেমস থেকেই বিদায় নিয়েছে তারা।
এবারের এশিয়াডে পুরুষ কাবাডি দল পড়েছিল শক্ত গ্রুপেই। ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের সঙ্গে পড়ায় সেমিফাইনালে উঠতে বাংলাদেশকে যে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে, সেটা অনুমিতই ছিল। ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানও এখন বাংলাদেশের জন্য প্রবল প্রতিপক্ষই। এশিয়াডে যাওয়ার আগে যে শঙ্কাটা ছিল আজ সেটাই যেন সত্যে পরিণত হলো। এখন থাইল্যান্ডের সঙ্গে জিতলেও পদকের লড়াইয়ে আর থাকা হচ্ছে না বাংলাদেশের।
১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে প্রথমবারের মতো অন্তর্ভূক্ত হয়েছিল কাবাডি। প্রথমবারই কাবাডি দল জয় করেছিল রুপার পদক। পরেরবার হিরোশিমা এশিয়াডেও রুপার পদক অক্ষুন্ন ছিল বাংলাদেশের। ১৯৯৮ সালের ব্যাঙ্কক এশিয়াডে রুপা হারিয়ে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ ২০০২ সালে আবারও ফিরে পায় রুপার পদক। ২০০৬ সালে দোহায় রুপা আবার পরিণত হয় ব্রোঞ্জে। চারবছর আগে, ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে বাংলাদেশের পুরুষ কাবাডি দল ছিল পদকশূন্য। এবার ইনচনেও সেই ধারাই অব্যবহত রইল। যে কাবাডিতে ভারতের পরেই বাংলাদেশের ছিল একচ্ছত্র আধিপত্য, অনেক কিছুর মতো সেই কাবাডিও এখন এই দেশে অধঃপতনের তালিকাতেই।
আজ পাকিস্তানের বিপক্ষে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারে​নি বাংলাদেশ। প্রথমার্ধে ​বাংলাদেশের শোচনীয় পারফরম্যান্সেই মূলত ম্যাচ উঠে যায় পাকিস্তানিদের হাতে। এই ​অর্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ১৩-৪ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে ব্যবধানটাই কেবল কমাতে পেরেছে বাংলাদেশ।