পুরুষ ম্যারাথনে শেলির চমক

ট্র্যাকে কেনিয়ার প্রতিদ্বন্দ্বীরা ছিলেন। ছিলেন উগান্ডার প্রতিযোগীও। কিন্তু দূরপাল্লার দৌড়ে ফেবারিট পূর্ব আফ্রিকার দেশগুলোর প্রতিযোগীরা পড়ে গেলেন পেছনে। গ্লাসগো কমনওয়েলথ গেমসের পুরুষ ম্যারাথনের শ্রেষ্ঠত্ব অস্ট্রেলিয়ার মাইকেল শেলির।
চার বছর আগে দিল্লি কমনওয়েলথ গেমসে রুপা জিতেছিলেন শেলি। এবারও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ট্র্যাকে যেখানে কেনিয়া-উগান্ডার প্রতিযোগী, বুকে হাত রেখে চ্যাম্পিয়ন হওয়ার আশা করা ছিল বাড়াবাড়িই। তাই দৌড় শেষ করে নিজেই অবাক শেলি, ‘ব্যাপারটা খুবই রোমাঞ্চের। সত্যিই জিতলাম কি না, সেটা বুঝতে আমি গায়ে চিমটিও কেটেছি। পিছিয়ে পড়ে জয় পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
শেষ আট কিলোমিটার দুর্দান্ত দৌড়েছেন শেলি। নিজের ব্যক্তিগত সেরা টাইমিং ২ ঘণ্টা ১১ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হলেন। দ্বিতীয় এবং তৃতীয় কেনিয়ার স্টিফেন চেমলানি (২: ১১: ৫৮) ও উগান্ডার আব্রাহাম কিপলিমো (২: ১২: ২৩)। মহিলা ম্যারাথনের সোনা কেনিয়ার ফ্লোমেনা ড্যানিয়েলের (২ ঘণ্টা ২৬ মিনিট ৪৫ সেকেন্ড)। এএফপি, রয়টার্স।