পুরোনো দুই, টানা দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেইসুকে হোন্ডা,রদ্রিগেজ,লুইস সুয়ারেজ
কেইসুকে হোন্ডা,রদ্রিগেজ,লুইস সুয়ারেজ

জাপানি সম্রাটের ফেরা, ইংলিশদের হৃদয়ভাঙা ঝড় আর বিস্ময়কে নতুন উচ্চতায় তুলে নেওয়া—এই হলো পরশুর তিন ম্যাচ-সেরার গল্প!
২০১০ বিশ্বকাপ ছিল প্রতিভাবান এক জাপানি তরুণের বিশ্বতারকা হয়ে ওঠার মঞ্চ। ওই বিশ্বকাপ খেলতে যখন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন কেইসুকে হোন্ডা, জাপানে তত দিনে তিনি পরিচিত ‘এমপেরর’—সম্রাট। সম্রাটের মতো পারফরম্যান্সেই নামের সার্থকতা প্রমাণ করলেন দক্ষিণ আফ্রিকায় । গ্রুপপর্বে জাপানের জেতা দুটি ম্যাচেই হয়েছিলেন সেরা। দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে পরাজিত ম্যাচেও পেয়েছিলেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। সেবারের হ্যাটট্রিক ম্যান অব দ্য ম্যাচ এবার প্রথম সেরার স্বীকৃতি পেলেন পরশু। জাপান-গ্রিস গোলশূন্য নিষ্প্রাণ ম্যাচটি খানিকটা প্রাণের পরশ পেয়েছে কেবল হোন্ডার ছোঁয়াতেই।
পরশুর লুইস সুয়ারেজকে দেখে কে বলবে, মাত্রই ফিরলেন চোট থেকে? সেই চোটও আবার ছেড়ে যায়নি পুরোপুরি। কিন্তু হাফ-ফিট সুয়ারেজই ইংল্যান্ডকে ঠেলে দিলেন বিদায়ের পথে। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো স্ট্রাইকারের জোড়া আঘাতেই চূর্ণ ইংলিশরা। ইংলিশদের সঙ্গে অনেক হিসাব চুকানোর ছিল সুয়ারেজের, ছিল বিতর্ক আর সমালোচনার জবাব দেওয়ার প্রতিজ্ঞা। দুর্দান্ত হেডে করা প্রথম গোলেই জবাব দেওয়া হয়ে গিয়েছিল অনেকটা। এরপর ছিল দলকে জেতানোর পালা। ওয়েইন রুনির গোলে যখন অন্তত ১ পয়েন্ট পাওয়ার আশা করছে ইংলিশরা , তাদের বুক ভেঙে দিল সুয়ারেজের দ্বিতীয় গোল। ম্যাচ-সেরা নিয়ে প্রশ্নই নেই!
প্রশ্নের অবকাশ নেই পরের ম্যাচেও। কলম্বিয়ার নতুন ভালদেরামা এখন পরিচিত আপন নামেই, আপন আলোতেই বিশ্বকাপকে আলোকিত করছেন। কলম্বিয়ার প্রথম জয়টির মতো পরশুর জয়ও রদ্রিগেজময়। সেদিন করেছিলেন দলের শেষ গোল, পরশু প্রথমটি। আর ডিফেন্স চেরা অসংখ্য পাস, বল পায়ে নানা কারিকুরি, রক্ষণে নেমে বল কেড়ে নেওয়া—ছিল সবই। বিস্ময়ের ঝোলা থেকে এদিন নতুন চমক বের করেছেন জেমস রদ্রিগেজ। তাঁর একমাত্র দুর্বলতা মনে করা হচ্ছিল হেডিং। অথচ পরশু গোল করলেন দুর্দান্ত এক হেডেই! রদ্রিগেজই এবারের বিশ্বকাপে দুবার ম্যান অব দ্য ম্যাচ হওয়া প্রথম ফুটবলার।