পুরো ঘটনায় ভারতীয় জুয়াড়িরা জড়িত!
লর্ডস টেস্টে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটার নির্দোষ। পুরো ঘটনায় ভারতীয় জুয়াড়িরা জড়িত—আজ শুক্রবার এমন দাবি করেছেন ব্রিটেনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসান।পাকিস্তানের স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমার দৃষ্টিতে এই তিন ক্রিকেটার সম্পূর্ণ নির্দোষ। এ ঘটনায় তাদের কেউ জড়িত ছিল না, মূল অপরাধী মাজহার মাজিদ। ভারতীয় জুয়াড়িরা বরাবরই এশিয়ার বাজিকরদের প্রতারিত করেছে।’হাসান আরও জানান, ব্রিটিশ সংবাদপত্রগুলো মনে করে—এশিয়ার যে দেশেরই হোক না কেন, পাকিস্তান থেকে এলে তারা সবাই পাকিস্তানি। এটাই প্রমাণ করে, স্পট ফিক্সিংয়ের ঘটনায় জড়িত ভারতীয় জুয়াড়িরা।নিউজ অব দ্য ওয়ার্ল্ডের পুরো ঘটনা সাজানো ছিল—আগের দিন এমন দাবি করেছিলেন হাসান। পাকিস্তানের এই হাইকমিশনার বিবিসিকে বলেন, ‘আমাদেরকে যে ভিডিও দেখানো হচ্ছে, তাতে তারিখ বা সময় উল্লেখ নেই। হতে পারে এটি ম্যাচের আগে বা পারে বা বিভিন্ন সময় ধারণ করা হয়েছে।’—পিটিআই