পুরো ছন্দে না ফিরেই এমন গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবে আটকেও পারা যায় না মেসির সঙ্গে! গেটাফের সব প্রতিরোধ চুরমার, জোড়া গোল করে মেসিই বার্সাকে নিয়ে গেছেন কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে  এএফপি
এভাবে আটকেও পারা যায় না মেসির সঙ্গে! গেটাফের সব প্রতিরোধ চুরমার, জোড়া গোল করে মেসিই বার্সাকে নিয়ে গেছেন কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে এএফপি

তিনি এমন গোল করবেন আর সেটার বর্ণনা দিতে গিয়ে আমাদের শব্দভান্ডারে টান পড়বে—এখন এটাই স্বাভাবিক হয়ে গেছে। মেসি-যুগের এটাই নিয়ম!
রে হাডসন অবশ্য এত সহজে ভাষাহীন হন না। ফুটবলার থেকে বেশ জনপ্রিয় ধারাভাষ্যকার হয়ে ওঠা সাবেক নিউক্যাসল মিডফিল্ডার যখনই মেসিকে এমন অতিমানবীয় কিছু করতে দেখেন, কোনো বিশেষণ-উপমা না হাতড়ে সোজা বলে দেন—‘একেই বলে স্টেরয়েড প্রতিভা।’
শুনে মনে হতে পারে লোকটা মেসিকে পছন্দ করেন না। নইলে কীভাবে ইঙ্গিত করেন যে, পারফরম্যান্সবর্ধক কিছু একটা নিয়েই মেসি এমন জাদু দেখাচ্ছেন! আসলে তা নয়। প্রশংসা করতে করতে একসময় ভাষ্যকারেরাও ভাষাহীন হয়ে যান। ওইসব মুহূর্তের জন্য হাডসনের নিজস্ব প্রশংসাভঙ্গি হচ্ছে ওই বাক্যটা। মানে মেসি এমন কিছু করেছেন যেটা পারফরম্যান্সবর্ধক কিছু না নিয়ে অন্য কারও পক্ষে করা সম্ভব নয়।
পরশু কোপা ডেল রেতে গেটাফের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে হাডসন কোথাও ধারাভাষ্য দিয়েছেন বলে জানা যায়নি। দিয়ে থাকলে তাঁকে হয়তো আবারও বলতে হয়েছে—একেই বলে স্টেরয়েড প্রতিভা। মেসি যে আরও একবার স্তব্ধ করে দিয়েছেন সবাইকে!
গেটাফের ডি-বক্সের কিছুটা বাইরে বল পেয়েছিলেন। গায়ের সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডার কড়া ট্যাকল করলেন। প্রায় মাটিতে পড়তে পড়তেও নিজেকে সামলে নেন অবিশ্বাস্যভাবে। এর পর দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে এমনভাবে বল নিয়ে বেরিয়েছেন, যেন দুই পাশে কেউ ছিলই না! তারপর আরও একজন এসে হেরে গেছেন তাঁর গতির কাছে। গোলপোস্টের কাছাকাছি তাঁকে দেখে কিছুটা বেরিয়ে এসেছিলেন গোলরক্ষকও। ঝাঁপ দিয়ে শেষ চেষ্টা করেছেন, কিন্তু বলটাকে তাঁর হাত স্পর্শ করতে দেননি মেসি। শটটা নেওয়ার পর দৌড়ে এসে বলের জালে ঢোকা আটকানোর চেষ্টা করেছেন একজন। ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। ম্যাচের ৬৩ মিনিটে সেই গোলে মেসি ভুলিয়ে দিয়েছেন প্রথমার্ধে করা তার অন্য গোলটাও। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার ৬-০ গোলের জয়, কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া, ক্লাবের হয়ে সতীর্থ জাভির ৭০০তম ম্যাচ খেলা, সবকিছুই তো!
চোটের কারণে মাস দুয়েক বাইরে থাকার পর এই গেটাফের বিপক্ষেই প্রত্যাবর্তন ম্যাচে দুই গোল করেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। আরও মজার ব্যাপার, ২০০৭ সালে এই গেটাফের বিপক্ষে এই মাঠেই অতিমানবীয় একটি গোল করেছিলেন মেসি। এখন পর্যন্ত তার ক্যারিয়ারের অন্যতম সেরা গোল হিসেবে ধরা হয় সেটিকে, তুলনা করা হয় ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার করা সর্বকালের সেরা সেই গোলের সঙ্গে।
এমন কিছু করার পর নিজেও তৃপ্ত হওয়াটা স্বাভাবিক। কিন্তু নামটা লিওনেল মেসি বলেই ম্যাচ শেষে তাঁর গলায় অন্য সুর, ‘আমি এখন অনেকটাই ভালো আছি। কিন্তু এখনো কিছুটা ঘাটতি আছে। নিজের সেরা ফর্ম ও ছন্দে ফিরতে আমার আরও কিছু সময় লাগবে।’ এএফপি, রয়টার্স।