পুরো শক্তি নিয়েই আসছে পাকিস্তান
শোনা যাচ্ছিল, বাংলাদেশ সফরের দলে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন পাকিস্তানের নির্বাচকেরা। দু-একটি ম্যাচ খেলে হারিয়ে গেছেন, এমন বিস্মৃতপ্রায় কয়েকজনের সঙ্গে দু-একজন নতুনের নামও শোনা যাচ্ছিল সম্ভাব্য দলে। শেষ পর্যন্ত সত্যি হলো না গুঞ্জন। পুরো শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে পাকিস্তান। টেস্ট-ওয়ানডে কোনো দলেই নতুন মুখ নেই একটিও। তবে দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ তালহা। ২৩ বছর বয়সী পেসার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম বোলারদের একজন। ২০০৯ সালে কলঙ্কিত সেই লাহোর টেস্টেই অভিষেক হয়েছিল তালহার, একমাত্র ইনিংসে ১৭ ওভারে ৮৮ রান দিয়ে পেয়েছিলেন মুরালিধরনের উইকেট। এরপরই দল থেকে ছিটকে পড়েন। তাঁকে জায়গা দিতে এবার জায়গা হারিয়েছেন ওয়াহাব রিয়াজ।মহসিন খান কোচের দায়িত্ব নেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক মোহাম্মদ ইলিয়াস পরীক্ষা-নিরীক্ষা না করার পেছনে দুটি কারণ দেখিয়েছেন, ‘দেশের মাটিতে বাংলাদেশ সব সময়ই সমীহ জাগানো দল। আর আমাদের দল এখন জয়ের ধারায় আছে। আমরা এটা ধরে রাখতে চাই। সম্ভব সেরা দলটিই তা-ই আমরা বেছে নিয়েছি।’‘সম্ভাব্য সেরা দলে’ ওয়াহাব রিয়াজের না থাকাটা অবশ্য খানিকটা বিস্ময়কর। গত বছর অভিষেকের পর থেকেই দলে জায়গা প্রায় পাকা করে ফেলেছিলেন ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার। ছিলেন আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু হঠাৎ করেই যেন দলে ব্রাত্য হয়ে গেছেন। জিম্বাবুয়ে সফরে ‘বিশ্রাম’ পেলেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে থাকলেও এক ম্যাচও খেলেননি। এবার পুরোপুরি বাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র অবশ্য রয়টার্সকে বলেছে, তাঁকে বাদ দেওয়ার কারণটা ক্রিকেটীয় নয়। স্পট ফিক্সিং বিতর্কে অনেকবারই ওয়াহাবের নাম এসেছে। আর বিতর্কে থাকা কাউকেই দলে রাখতে চায় না বোর্ড।শেষ নয় এখানেই, পাকিস্তান ক্রিকেটের ধারা মেনে দল নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে আরও। দল ঘোষণার কথা ছিল চার-পাঁচ দিন আগেই। ১৬ নভেম্বর সভায়ও বসেছিলেন নির্বাচকেরা, কিন্তু তখন দল ঘোষণা করা হয়নি। পাকিস্তান সংবাদমাধ্যমের খবর, পরিচালনা পর্ষদের কয়েক সদস্যের হস্তক্ষেপে দল ঘোষণা পিছিয়ে যায়। অলরাউন্ডার উমর আমিন, ব্যাটসম্যান আওয়াইস জিয়া, লেগ স্পিনার ইয়াসির শাহ—এমন কয়েকজন তরুণকে দলে চাইছিলেন তাঁদের এলাকার সদস্যরা। শেষ পর্যন্ত নির্বাচকদেরই জয় হয়েছে। রয়টার্স, ওয়েবসাইট।পাকিস্তানের বাংলাদেশ সফর টি-টোয়েন্টি ও ওয়ানডে দলমিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, শহীদ আফ্রিদি, ইউনুস খান, উমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সাঈদ আজমল, আবদুর রেহমান, উমর গুল, আইজাজ চিমা, জুনাইদ খান, সোহেল তানভীর, আবদুল রাজ্জাক, আসাদ শফিক।টেস্ট দলমিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর, ইমরান ফারহাত, ইউনুস খান, আজহার আলী, আসাদ শফিক, শোয়েব মালিক, আদনান আকমল (উইকেটরক্ষক), সাঈদ আজমল, আবদুর রেহমান, উমর গুল, মোহাম্মদ তালহা, আইজাজ চিমা, জুনাইদ খান।