লর্ডসের ভূতটাই কি তাড়া করছে নিউজিল্যান্ডকে? লর্ডস টেস্টের শেষ দিনটাই যে কাল ফিরে এল হেডিংলিতে। দিনের শুরুতেই ইংল্যান্ডকে অল্পেই গুটিয়ে দেওয়ার ফুরফুরে অনুভূতিটা উধাও হতে কালও সময় লাগেনি। লর্ডসের দ্বিতীয় ইনিংসের মতো মহাপ্রলয় না হলেও ম্যাচটা বোধ হয় এরই মধ্যে ফসকেই গেছে। চা-বিরতির আগেই যে ১৭৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে সফরকারীরা (প্রথম দিনে খেলা না হওয়ায় ফলোঅন ১৫০ রানে)। ইংল্যান্ড অবশ্য ফলোঅন করায়নি। চা-বিরতির পর আবার ব্যাট করতে নামা ইংল্যান্ড ১ উইকেটে ১১৬ রান তুলে দিন শেষে এগিয়ে গেছে ২৯৬ রানে। ৮৮ রানে অপরাজিত ছিলেন অ্যালিস্টার কুক। ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনারের শেষ জুটিটা অবিশ্বাস্যভাবে পাল্টা-আক্রমণ না চালালে অবশ্য দেড় শর আগেই গুটিয়ে যেতে পারত নিউজিল্যান্ড। মাত্র ৪.৩ ওভারেই ৫২ রান তুলেছেন তাঁরা দুজন। ওয়াগনার ১৫ বলে ৬ চারে ২৭ ও বোল্ট ১৫ বলে ১ চার ও ৩ ছয়ে করেছেন অপরাজিত ২৪। ব্যাটিংটা বোনাস, বোল্ট সফল ছিলেন নিজের আসল কাজ বোলিংয়েও। আগের দিনই ৩ উইকেট নেওয়া এই ডানহাতি মিডিয়াম পেসার কাল ৪ বলের মধ্যেই তুলে নিয়েছেন ইংল্যান্ডের শেষ দুটি উইকেট। ৫৭ রানে ৫ উইকেট, ১৫ ম্যাচের ক্যারিয়ারে বোল্টের দ্বিতীয় সেরা বোলিং। ৭ উইকেটে ৩৩৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ওভারেই হারায় উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাট প্রায়রকে। এর পরই বোল্টের ওই জোড়া আঘাতে ৩৫৪ রানেই শেষ স্বাগতিক দল। শেষের মতো শুরুটাও ভালো ছিল নিউজিল্যান্ডের। পিটার ফুলটন ও হামিশ রাদারফোর্ড প্রথম জুটিতে তুলে ফেলেছিলেন ৫৫ রান। এরপরই নামে বিপর্যয়। ৫৫ থেকে ১২২—এই ৬৭ রানেই পড়েছে ৯ উইকেট। এর মাঝে আবার সপ্তম উইকেটে ব্রেন্ডন ম্যাককালাম ও টিম সাউদির ৩৭ রানের জুটিটাও আছে। ৪২ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অফ স্পিনার গ্রায়েম সোয়ান। তবে প্রথম ৩ উইকেট তুলে নিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা করেন স্টিভেন ফিন। ওয়েবসাইট।