পুরোনো চেহারাতেই নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই সেঞ্চুরি পেয়ে গেছেন হাশিম আমলা। কাল তাঁকে অনুসরণ করলেন ফ্যাফ ডু প্লেসিস ও ডিন এলগার। আর এই তিন সেঞ্চুরির কল্যাণেই নিউজিল্যান্ডের পিঠে বড় রানের বোঝা চাপিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেট ৫২৫ রান তোলার পরই ইনিংস ঘোষণা করেছেন গ্রায়েম স্মিথ। এরপর ৩৯ রানেই নিউজিল্যান্ডের প্রথম ৬টি উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগামটা নিজেদের হাতেই রেখেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওভারেই মার্টিন গাপটিলকে তৃতীয় স্লিপে আলভিরো পিটারসেনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ডেল স্টেইন। বিশ্বসেরা ফাস্ট বোলার উইকেটটি পেতে পারতেন প্রথম ওভারেই। গাপটিল সেবার বেঁচে যান জ্যাক ক্যালিসের বদন্যতায়। পরের ওভারেই স্টেইন ফিরিয়েছেন কেন উইলিয়ামসনকে। এর আগে দক্ষিণ আফ্রিকান অধিনায়কের অপেক্ষা ছিল এলগারের সেঞ্চুরির জন্য। মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামা ২৫ বছর বয়সী এলগার এর আগে জিতান প্যাটেলকে মিড অন দিয়ে চার মেরে সেঞ্চুরি পুরো করতেই স্মিথ ডেকে পাঠান ব্যাটসম্যানদের। ১৭০ বলে ১০৩ রান করার পথে ১৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন এলগার। ১৪ চার ডু প্লেসিসের ইনিংসেও, ছক্কা অবশ্য একটি বেশি মেরেছেন চার টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান। শেষ ছয়টি দিয়ে ৯৯ থেকে ছুঁয়েছেন তিন অঙ্ক। ডু প্লেসিস ও এলগারের সাবলীল ব্যাটিংয়ে মধ্যাহ্ন ও চা-বিরতির মাঝে ১০৫ রান করলেও দিনের প্রথম সেশনে খোলসবন্দীই ছিলেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। প্রথম সেশনে ২৯ ওভারে রান ওঠে মাত্র ৬৫। বৃষ্টিতে খেলা শুরু হয় ১৫ মিনিট দেরিতে। আকাশ ছিল মেঘলা। পরিস্থিতিকে কাজে লাগিয়ে এ পর্যন্ত সিরিজে নিজেদের সেরা বোলিংটা কাল সকালেই করেছে কিউই বোলাররা। সঙ্গে ছিল তাঁদের দুর্দান্ত ফিল্ডিং। ফল প্রথম ১১ ওভারে হাশিম আমলার উইকেটটি হারিয়ে মাত্র ১১ রান ওঠে দক্ষিণ আফ্রিকার। এরপরই এলগারের সঙ্গে ডু প্লেসিসের রেকর্ড ১৩১ রানের জুটি, যেটি ষষ্ঠ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। এএফপি, ওয়েবসাইট।