পুরোনো দায়িত্বে নতুন করে ফারুক

দুপুরে বিসিবি প্রধান ঘোষণাটা দেওয়ার পর মুহূর্ত থেকেই টানা বেজে চলেছে ফোন। একজনের সঙ্গে কথা বলার মধ্যে ঢুকছে আরেকটি ‘কল’। দেশের ভেতরে-বাইরে থেকে অভিনন্দনের স্রোত। বাসায় অপেক্ষায় টিভি ক্যামেরা, প্রতিক্রিয়া জানতে সংবাদকর্মীদের ভিড়। আবারও বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ!
নব্বই দশকের মাঝামাঝি জাতীয় দলের অধিনায়ক হিসেবে ফারুকের উত্তরসূরি মনোনীত হয়েছিলেন আকরাম খান। প্রায় ১৯ বছর পর সেই ফারুকই আকরামের উত্তরসূরি প্রধান নির্বাচক হিসেবে। আকরাম বোর্ড পরিচালক হওয়ার পর থেকেই শূন্য হয়ে ছিল প্রধান নির্বাচকের পদ। তখন থেকেই অবশ্য বাতাসে ভাসছিল ফারুকের নাম। গত কিছুদিনে অনেকটা নিশ্চিতও হয়ে যায়। অপেক্ষা ছিল শুধু বিসিবি প্রধানের আনুষ্ঠানিক ঘোষণার। সেই ঘোষণা এল কাল। নাজমুল হাসান জানালেন, বোর্ড সভায় সবচেয়ে বেশি ভোট পাওয়া ফারুককেই দেওয়া হয়েছে মনোনয়ন। আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে দুই বছরের জন্য।
সাবেক অধিনায়ক এর আগে প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের মতো কিছু তরুণের মধ্যে অমিত সম্ভাবনা দেখে এই ফারুকই একসময় তাঁদের জায়গা দিয়েছিলেন জাতীয় দলে। যখন দায়িত্ব ছাড়লেন, মুশফিক-সাকিবরা তখন হয়ে উঠছেন দলের ভরসা। আজ সেই মুশফিক দলের অনুপ্রেরণাদায়ী অধিনায়ক, সাকিব প্রাণভ্রোমরা, অপরিহার্য অংশ তামিম। বাংলাদেশের ক্রিকেটও পায়ের নিচে খুঁজে পেয়েছে শক্ত জমি। সেই জমিতে আরও দৃঢ় পায়ে হাঁটার পথ দেখাতে আবারও ফেরানো হলো ফারুককে।
দায়িত্ব নিয়ে সেই লক্ষ্যের কথা জানালেন ফারুক নিজেও, ‘আগেরবার যখন দায়িত্ব নিয়েছিলাম, বাংলাদেশের ক্রিকেটের বেশ টালমাটাল সময় ছিল। আকরাম, বুলবুল, নান্নুর মতো সিনিয়ররা অবসর নেওয়ায় একটা পরিবর্তনের মধ্য দিয়েও যাচ্ছিল। তখন বেশকিছু তরুণকে বাছাই করেছিলাম আমরা ভবিষ্যতের কথা ভেবে। ওদের আজ প্রতিষ্ঠিত দেখে ভালো লাগে। ওরা আরও অনেক দিন খেলবে দলে, নতুনরাও আসবে। সবাইকে নিয়েই বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথের সঙ্গী হতে চাই।’
বাংলাদেশের ক্রিকেটের ভীষণ দুঃসময় ছিল বলেই আগেরবারের দায়িত্বটা বেশি চ্যালেঞ্জিং ছিল বলে ধারণা ফারুকের। তবে নির্বাচকের কাজটা যে সবসময়ই কঠিন, সেটাও মনে করিয়ে দিলেন, ‘নির্বাচকের কাজটা হলো থ্যাংকলেস জব। ব্যর্থ হলে অনেক কথা হয়, সাফল্যের স্বীকৃতি খুব বেশি মেলে না। বাংলাদেশের ক্রিকেট এখন মোটামুটি দাঁড়িয়ে গেছে। বিশেষ করে ওয়ানডেতে এখন আমরা যেকোনো দলকে হারাতে পারি। ২০১৫ বিশ্বকাপের জন্য ভালো একটি দল গড়াই আমার মূল লক্ষ্য। সেই সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টিতে যেহেতু আমরা এখনো ওয়ানডের মতো সফল নই, সেদিকেও নজর দিতে চাই।’
ফারুকের আগের মেয়াদের প্রায় পুরোটা সময়ই বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার। দুজন এখন একসঙ্গে কাজ করবেন নির্বাচক কমিটিতে। কাছ থেকে দেখেছেন বলেই ফারুকের গুণগুলো খুব ভালো করে জানেন হাবিবুল, ‘ফারুক ভাইয়ের থার্ড আই খুব ভালো, সময়ের আগে ভাবতে পারেন। পরিকল্পনা করেন খুব ভালো। বেশ ভালো টিম হলো। আকরাম ভাই খুব ভালো কাজ করেছেন। আশা করি, এখন আমরা সবাই মিলে দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।’
এর আগে অন্ধকার সুড়ঙ্গে দেখিয়েছেন আলোর রেখা। তবে চোখ ধাঁধানো আলোতেও অনেক সময় চোখ খুলে রাখা কঠিন। জাতীয় দলে ঢোকার লড়াইটা এখন এত তীব্র, ফারুকের এবারের দায়িত্বও কিন্তু সহজ হবে না!