পুরোনো দুই 'শত্রু' নতুন রূপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল আছে চাপে। চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেেস্কর সঙ্গে ম্যাচে তাই গিগস-ফার্ডিনান্ডদের মতো অভিজ্ঞদেরই বেশি দায়িত্ব। পরশু ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে তাঁদের দুজনকেই বেশি করে খুঁজে পেল ক্যামেরা  এএফপি
দল আছে চাপে। চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেেস্কর সঙ্গে ম্যাচে তাই গিগস-ফার্ডিনান্ডদের মতো অভিজ্ঞদেরই বেশি দায়িত্ব। পরশু ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে তাঁদের দুজনকেই বেশি করে খুঁজে পেল ক্যামেরা এএফপি

একটা আফসোস নিয়েই আজ পেপ গার্দিওলাকে ইস্টল্যান্ডে স্বাগত জানাবেন ম্যানুয়েল পেলেগ্রিনি। অনেক দিনের চেনা শত্রুকে কখনো হারাতে পারেননি তিনি!
ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ আর মালাগা মিলিয়ে নয় বছরের মতো স্পেনে ছিলেন। এর মধ্যে পেপ গার্দিওলার তখনকার দল বার্সেলোনার সঙ্গে আটবার তাঁর সাক্ষাৎ হয়েছে। সবচেয়ে ভালো ফল—ভিয়ারিয়ালের হয়ে ২০০৮-০৯ মৌসুমে ন্যু ক্যাম্পে ৩-৩ ড্র। ওই একবারই গার্দিওলার কাছে না হেরে মাঠ ছেড়েছিলেন চিলিয়ান কোচ।
সেই গার্দিওলা এবার ঠিকানা বদলে বায়ার্ন মিউনিখের কোচ। ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে স্পেন ছেড়ে ইংল্যান্ডে এসেছেন পেলেগ্রিনি। ইত্তিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপে দুই দলের মুখোমুখি লড়াই—মানে পুরোনো দুই শত্রুই মাঠে নামছেন, নতুন রূপে। কখনো না হারার রেকর্ডটাই ধরে রাখবেন গার্দিওলা, নাকি আজ অনেক দিনের সেই আফসোস ঘুচবে পেলেগ্রিনির?
মাঠের লড়াইয়ে কী হয়, সেটা দেখার জন্য অপেক্ষা ছাড়া উপায় নেই। কিন্তু তার আগে যে কথার লড়াই সেখানে গার্দিওলাকে চাপে রাখারই চেষ্টা দেখা যাচ্ছে সিটি কোচের, ‘ও (গার্দিওলা) জানে আমরা কীভাবে খেলি, সুতরাং সে অন্য কিছু চেষ্টা করবে। কিন্তু আমরাও গার্দিওলা সম্পর্কে অনেক কিছু জানি। আমি স্পেনে নয় বছর ছিলাম, সুতরাং আমি জানি সে কীভাবে খেলায়।’ পেলেগ্রিনির কথাটা যে খুব একটা ভুল নয়, সেটা বোঝা যায় বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের কথায়। কোচের কাছ থেকে প্রতিপক্ষের খেলা সম্পর্কে এরই মধ্যে একটা ধারণা পেয়েছেন ন্যয়ার, ‘সিটি এমন একটা দল, যারা বল দখলে রেখে খেলতে চায়। ওরা খেলা নিয়ন্ত্রণ করতে চায়, অন্য প্রতিপক্ষের মতো শুধু পাল্টা আক্রমণে খেলে না। এটা আমাদেরও সুযোগ দেবে নিজেদের সামর্থ্য দেখানোর।’
শিষ্যদের হয়তো প্রতিপক্ষ সম্পর্কে ভালোই ধারণা দিয়ে রেখেছেন। কিন্তু গার্দিওলা নিজে এ নিয়ে ম্যাচের আগে খুব কিছু বলতে রাজি হননি। তাঁর দেখানো ৪-১-৪-১ ছকের সঙ্গে এখনো পুরো মানিয়ে ওঠেনি বায়ার্ন। বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় তাঁর দল শীর্ষে। কিন্তু ভলফস্বুর্গের সঙ্গে লিগের সর্বশেষ ম্যাচে ১-০ গোলের জয়ে ঠিক সন্তুষ্ট হতে পারেননি বায়ার্ন কোচ। দলের কাছে তাই আজ আরেকটু ভালো খেলা প্রত্যাশা বায়ার্ন কোচের, ‘আমাদের এর চেয়ে ভালো কিছু করতে হবে। আমি নিশ্চিত, ছেলেরা ম্যানচেস্টার সিটির বিপক্ষে ভালো পারফর্ম করবে।’
ইউরোপ-সেরা দলের কাছে এটুকু আশা অবশ্য গার্দিওলা করতেই পারেন। যদিও চ্যাম্পিয়নস লিগে সিটির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এখনো সমতায় তাঁর দল। ২০১১-১২ মৌসুমেও গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগে বায়ার্ন জিতলেও ইত্তিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে শেষ হাসি ছিল সিটির। ওই জয়ের পাশাপাশি আরও একটা পরিসংখ্যান আছে সিটির পক্ষে। নিজেদের মাঠে গত পাঁচ বছরে ইউরোপীয় কোনো টুর্নামেন্টের ম্যাচে হারেনি সিটি। এ তথ্য যদি জানা থাকে, গার্দিওলার বিপক্ষে মাঠে নামার আগে আজ কিছুটা হলেও বাড়তি আত্মবিশ্বাস পাবেন পেলেগ্রিনি।
একই রাতে মাঠে নামছে পেলেগ্রিনির সাবেক দল রিয়াল মাদ্রিদও। ৬-১ গোলে গ্যালাতাসারাইকে উড়িয়ে শুরু করা কার্লো আনচেলত্তির দল আজ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে কোপেনহেগেনের বিপক্ষে। বেয়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড লিগে গত শনিবার ওয়েস্ট ব্রমের কাছে হেরে ভীষণ সমালোচিত।
আজ শাখতার দোনেৎস্কের বিপক্ষে কি সেই সমালোচনার জবাব দিতে পারবেন ইউনাইটেড কোচ ডেভিড ময়েস? এএফপি।
আজকের খেলা
বেয়ার লেভারকুসেন : রিয়াল সোসিয়েদাদ
শাখতার দোনেৎস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড
জুভেন্টাস : গ্যালাতাসারাই
রিয়াল মাদ্রিদ : কোপেনহেগেন
অ্যান্ডারলেখট : অলিম্পিয়াকস
পিএসজি : বেনফিকা
সিএসকেএ মস্কো : ভিক্টোরিয়া প্লজেন
ম্যানচেস্টার সিটি : বায়ার্ন মিউনিখ
* প্রথমে স্বাগতিক দল