পুরোনো বিউটির পাশে নতুন মেজবাহ
একজন নবীন। অন্যজন পুরোনো মুখ। নবীন আর অভিজ্ঞতার জয়ই দেখল বাংলাদেশ গেমসের দুই বিভাগের ১০০ মিটার সিপ্রন্ট।চোখে স্বপ্নের মায়াঞ্জন বুলিয়ে নবাগত মেজবাহ আহমেদ জিতেছেন পুরুষদের ১০০ মিটার। ১৯৯৫ সালের মার্চে জন্ম নেওয়া তরুণ ১৯-এ পা দিয়েছেন। তাঁর তারুণ্যের কাছে উড়ে গেলেন সর্বশেষ দ্রুততম মানব মোহন খান। মোহনকে তৃতীয় স্থানে ঠেলে বিকেএসপির মাধ্যমিক পরীক্ষা দেওয়া তরুণ মেজবাই বাংলাদেশের দ্রুততম মানব।‘রানি’ সেই নাজমুন নাহার বিউটি। সেই ২০০৫ সাল থেকে ১০০ ও ২০০ মিটারে দেশসেরা। মাঝে একবার সামার মিটে শামসুন নাহার চুমকির কাছে ১০০ মিটারে হেরেছিলেন। এটা বাদ দিয়ে বিউটি মানেই দ্রুততম মানবী। এবারের বাংলাদেশ গেমসে ২০০ মিটারে বিউটির হার দেখে একটা অধ্যায়ের সমাপ্তিরেখা আঁকছিলেন অনেকেই। কিন্তু দ্রুততম মানবীর আসনটা আপাতত ছাড়তে রাজি নন বিউটি।ওদিকে ধূমকেতুর মতো এসে অনেক দ্রুততম মানবই আড়ালে চলে যান। মেজবাহ সেই দলে মিশবেন কি না, সময়ই বলবে। এই আসরে ট্রিপল চেজেও জয়ী মেজবাহকে নিয়ে আশাবাদী বিকেএসপিতে তাঁর কোচ সাবেক দ্রুততম মানব আবদুল্লাহেল কাফি, ‘আমি ২০০৯ সালে ওকে প্রথম পাই। ছেলেটা ফাইটার। ১০০ মিটারে ওর ফিনিশিংটা ভালো হচ্ছিল না, এটা নিয়ে আলাদা কাজ করেছি, আজ ফলও এসেছে।’সাম্প্রতিককালে বাংলাদেশের সিপ্রন্টাররা ১০০ মিটারে টাইমিং ১১ সেকেন্ডের নিচে নামাতে পারছিলেন না। মেজবাহ কাল তা নামালেন (ইলেকট্রনিক বোর্ডে ১০.৭৫ সে)। শ্রীলঙ্কায় একটা জুনিয়র মিটে করেছিলেন ১১.০৯। কাল হিটে মেজবাহর টাইমিং ছিল আরও ভালো, ১০.৬৫। ফাইনালে অন্য একজনের ফলস স্টার্ট হয়েছিল এদিন। মেজবাহ অনেক এগিয়ে দৌড় শেষ করে ফেলেন। মেজবাহর এই টাইমিং দেখে বিস্মিত মোহন খান, ‘আমি ভাবতেই পারিনি এত ভালো টাইমিং করবে সে। এর পেছনে হয়তো কিছু আছে, কী সেটা জানি না।’ তবে এসব ভ্রুকুটিকে পাত্তা দিচ্ছেন না আত্মবিশ্বাসী মেজবাহ, ‘আমি এখন সামনে তাকাব। দেশকে কিছু দিতে চাই।’ এবার ২০০ মিটারে হারের পর ১০০ মিটার বিজয়ী বিউটির অভিব্যক্তিহীন মুখ প্রকাশ করল তাঁর ‘নীরব যুদ্ধ’ জয়ের উল্লাস, ‘জেদ ছিল ১০০ মিটারে প্রমাণ করব, আমি ফুরিয়ে যাইনি।’বিউটির টাইমিং হয়েছে ১২.৫১। এই ইভেন্টে দ্বিতীয় বিকেএসপির শিরিন আক্তার, তৃতীয় ২০০ ও ৪০০ মিটার জেতা বিকেএসপিরই জাকিয়া সুলতানা। ছেলেদের বিভাগে দ্বিতীয় বিকেএসপিরই ২০০ মিটার জেতা আবু রায়হান (১১.০০ সে), মোহন খান ১১.১২ সে)। অ্যাথলেটিকসের শেষ দিনেও কালও পুরুষ ম্যারাথন জিতেছেন সেনাবাহিনীর হানিফুর রহমান। পুরুষ হ্যামার থ্রোয়ে জয়ী একই দলের শফিকুল ইসলাম। পুরুষ হাইজাম্পে নৌবাহিনীর সজীব হোসেন, মহিলা বর্শা নিক্ষেপে বিজেএমসির হাজেরা আক্তার, ৩০০ মিটার ট্রিপল চেজে সেনাবাহিনীর আবু সালাম, ৮০০ মিটারে সেনাবাহিনীর শিশির মাহমুদ, রওশন আরা পুতুল, লংজাম্পে নৌবাহিনীর আল আমিন সোনা জিতেছেন। পুরুষদের ৪০০ মিটার রিলের সোনা সেনাবাহিনীর, মেয়েদের বিউটির নেতৃত্বে বিজেএমসির।