পুরোপুরি সুস্থ ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হয়নি। দুটি প্রস্তুতি ম্যাচে খেললেও বল করেননি। শোনা যাচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও শুধু ব্যাট করবেন জ্যাকি ক্যালিস। কিন্তু কাল ক্যালিসই জানালেন, তিনি পূর্ণ সুস্থ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন। তার অর্থ, বলও করতে পারেন।‘সবকিছুই পরিকল্পনামতো হয়েছে। আমি ম্যাচের জন্য শতভাগ ফিট। শুধু আমি নই, দলের প্রত্যেকেই ফিট’—বলেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কেউই নিজেদের ফেবারিট বলে কাঁধে বাড়তি বোঝা নিতে চায় না। ৩০৭ ওয়ানডেতে ১১০০২ রান আর ২৫৯ উইকেটের মালিক বলে দিলেন, ফেবারিট হিসেবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে দক্ষিণ আফ্রিকা, ‘ওয়েস্ট ইন্ডিজ বিপজ্জনক দল। তাদের কিছু খেলোয়াড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আমরা তাদের চেয়ে ওপরে এবং ভালো ক্রিকেট খেলছি।’সংবাদমাধ্যমের সামনে কাল হাজির হওয়া ক্যালিসকেও অনিবার্যভাবে দক্ষিণ আফ্রিকার সেই ‘চোকার’ অপবাদটাও শুনতে হয়েছে। সতীর্থদের মতো ক্যালিসও স্রেফ উড়িয়ে দিতে চাইলেন ওই শব্দটা, ‘চোকার বিষয়ে মিডিয়া অনেক কথাই বলেছে। আমরা এটা বুঝতেই পারি না। আমার ধারণা, মিডিয়া এই অপবাদটা প্রায়ই ব্যবহার করে। তাদের উচিত অভিধান থেকে চোকারের অর্থটা দেখে নেওয়া। এই অপবাদটা আমাদের সঙ্গে ঠিক যায় না।’ এএফপি।