পুল আছে, সাঁতারু নেই

সুইমিং পুলের নীল জলরাশি দেখলেই মেয়েটির চোখে-মুখে আনন্দের ঢেউ খেলে যায়। বাড়ির পাশের এঁদো পুকুরে আর এক কিলোমিটার দূরের নবগঙ্গা নদীতে অনুশীলন করে ঢাকায় আসা আঁখি খাতুনের জন্য অন্য রকম অভিজ্ঞতার নাম সুইমিং পুল। মিরপুর সুইমিং পুলে কাল ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতার পরও তাই ঝিনাইদহের কিশোরী পানি থেকে উঠতেই চাইছিল না।
শুধু ঝিনাইদহের সাঁতারুই নয়, এবারের জাতীয় বয়সভিত্তিক সাঁতারে অংশ নেওয়া বেশির ভাগ ছেলেমেয়ের কাছেই তিন দিনের আনন্দের বড় উপলক্ষ পুলে নামা। ইভেন্ট শেষ হলেও অনেকে মনের আনন্দে ডুবসাঁতার খেলে পাশের ডাইভিং পুলে। নিজেদের জেলায় সুইমিং পুল নেই, কিন্তু পদক জিতে নিয়ে বাড়িতে ফিরছে। অথচ সুইমিং পুল থাকা সত্ত্বেও বয়সভিত্তিক সাঁতারে অনেক জেলা অংশই নেয়নি!
সুইমিং পুল না থাকলেও প্রতিবছর সবচেয়ে বেশি সাঁতারু উঠে আসে কুষ্টিয়া জেলা থেকে। এরপরই কিশোরগঞ্জ। অথচ ঢাকার বাইরে সুইমিং পুল আছে পাবনা, চাঁদপুর, বগুড়া, সিলেট, রাজবাড়ী, রাজশাহী, মুন্সিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ফেনী, বরিশাল ও গোপালগঞ্জে। এই জেলাগুলোর মধ্যে এবারের বয়সভিত্তিক সাঁতারে অংশ নিচ্ছে শুধু পাবনা, যশোর ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। কিন্তু গোপালগঞ্জের নিজেদের কোনো সাঁতারুই নেই। অন্য জেলা থেকে ধারে চারজনকে এনে পানিতে নামিয়েছেন কর্মকর্তারা।
মজার ব্যাপার হলো, ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটিতে আছেন গোপালগঞ্জেরই তিনজন—সহসভাপতি মোল্লা আবু কাওছার, যুগ্ম সম্পাদক এম বি সাইফ, সদস্য জসিম উদ্দিন খসরু। আশির দশকে সর্বশেষ গোপালগঞ্জ থেকে জাতীয় দলে সাঁতরেছিলেন কাজী মনির। সাফ গেমসে রুপাজয়ী এই সাঁতারুর উত্তরসূরি এখনো মেলেনি। ফেডারেশনের চেয়ার আঁকড়ে বসে আছেন এতজন কর্মকর্তা, কিন্তু সাঁতারু খুঁজে পাওয়া দুষ্কর—বিষয়টি বিব্রতকর বলে মানছেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক এম বি সাইফ, ‘এভাবে সাঁতারু ধার নিতে নিজেদের কাছেই বিব্রত লাগে।’ তবে অদূর ভবিষ্যতে গোপালগঞ্জ থেকে অনেক সাঁতারু উঠে আসবে, ‘বিগত দিনে এখানে কোনো সাঁতারু তৈরি করেনি কেউ। এবার তাই আমরা উদ্যোগী হয়ে জাতীয় ক্রীড়া পরিষদের বিশেষ অনুশীলন কর্মসূচি করাব গোপালগঞ্জে। সাঁতারে উৎসাহিত করতে এবারের জাতীয় প্রতিযোগিতার আয়োজন করব গোপালগঞ্জে।’ পুকুরের দুই পাড়ে দড়ি বেঁধে লেন তৈরি করে অনুশীলন করাটা একরকম অভ্যাসই হয়ে গেছে কুষ্টিয়ার আমলার সাঁতারুদের। এস এ গেমসে সোনাজয়ী রুবেল রানাদের অনেক দিনের দাবি একটা সুইমিং পুলের। নিজেদের কোনো পুল নেই, অন্য জেলায় পুল থাকলেও সাঁতারু নেই। কুষ্টিয়ার সাঁতার কোচ আমিরুল ইসলাম এর কোনো ব্যাখ্যা খুঁজে পান না, ‘এই পুলগুলো সচল রাখতেও অনেক টাকা খরচ হয়। এগুলো রক্ষণাবেক্ষণের নামে সরকার আসলে হাতি পুষছে। বরং সাঁতারের চর্চা হয় এমন জেলাতেই এসব পুল নির্মাণ করা উচিত ছিল।’
কুষ্টিয়ার রুবেল রানা, ঝিনাইদহের আঁখিদের আক্ষেপ ঘোচাতে আদৌ কি ‘আঁখি মেলবে’ সরকার?