পুল নিয়ে পুলের রাজা
মোহাম্মদ আলীর ‘শাফল’, রজার ফেদেরারের ‘ওয়ান-হ্যান্ডেড ইনসাইড-আউট স্লাইস’, ডেভিড বেকহামের ফ্রি-কিক, শচীন টেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভ যেমন, রিকি পন্টিংয়ের প্রতীক তেমনি পুল শট। আধুনিক ক্রিকেটে পুল শট তাঁর চেয়ে ভালো আর কোনো ব্যাটসম্যান খেলেছেন কি না সন্দেহ। কদিন আগে ভারতের এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ‘পুলের রাজা’ কথা বললেন শুধু পুল নিয়ে একটা গল্প চালু আছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির নেটে যেদিন প্রথম গেলেন, রডনি মার্শ (একাডেমির তখনকার কোচ) ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা এক ফাস্ট বোলারকে বোলিংয়ে আনলেন। প্রথম বলেই আপনি পুল করার পর মার্শ বললেন, ‘এই ছেলে একদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলবে।’ গল্পটা সত্যি?রিকি পন্টিং: সত্যি। আমার বয়স ছিল তখন ১৫। হেলমেট ছাড়াই নেটে গিয়েছিলাম, কারণ তখন আমি হেলমেট পড়তাম না। শক্ত উইকেটে খেলেই আমি বেড়ে উঠেছি। ছোট থেকেই আমি সব সময় বড়দের সঙ্গে খেলেছি, আর বড়রা তো ছোটদের সব সময় বাউন্সার ছুড়তেই পছন্দ করত। আমি তাই খুব দ্রুতই বুঝতে পেরেছিলাম যে টিকে থাকতে হলে এবং রান করতে হলে আমাকে ব্যাকফুটে ভালো খেলতে হবে। ব্যাকফুটে খেলার ক্ষেত্রে প্রকৃতগতভাবে বাড়তি কোন টেকনিক্যাল সুবিধাটা আপনি পেয়েছিলেন?পন্টিং: টেকনিক কাটাছেঁড়া করে যদি এখন পুল ও হুক ভালো খেলার কারণ খুঁজতে যাই, সবার আগে আসবে আমি যেভাবে ব্যাট তুলতাম। আমার প্রাথমিক নড়াচড়াই এই শট খেলাটাকে আমার জন্য সহজ করে তুলত। বলের লেংথ একটু আগে ধরে ফেলার ব্যাপার তো ছিলই, ভালো ব্যাটসম্যানদের থেকে যা গ্রেট ব্যাটসম্যানদের আলাদা করে। পুল ও হুক শটের ক্ষেত্রে আমার ধারণা, শর্ট বলের লেংথটা আমি অন্য বেশির ভাগ ক্রিকেটারের চেয়ে আগে বুঝে ফেলতাম। একজন ব্যাটসম্যানের জন্য বাউন্সারের চেয়ে ভীতিকর কিছু আর হয় না। আপনার কখনো ভয় লাগেনি?পন্টিং: ক্রিকেট মাঠে আমি কখনো ভয় পাইনি। কখনোই না। তবে ধারণা করতে পারি, টেল এন্ডারদের জন্য শর্ট বল কতটা ভয়ংকর হতে পারে। হ্যাঁ, বাউন্সার অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটারদের পরীক্ষা নেয়। কোনো ধরনের দুর্বলতার সুযোগ আসলে এখানে নেই, প্রতিপক্ষ খুব দ্রুতই তা ধরে ফেলে। বাউন্সারকে উড়িয়ে দেওয়ার মানসিকতা কি আপনার ব্যক্তিত্বেরই প্রতিফলন? ভয়ডরহীন, চ্যালেঞ্জ নিতে যে পিছপা হয় না!পন্টিং: আমার তো তা-ই মনে হয়। ব্যাটিংয়ে নেমে আমি সব সময়ই চেষ্টা করেছি প্রতি-আক্রমণের। ক্যারিয়ার বেশির ভাগজুড়ে খেলেছি তিন নম্বরে, সব সময় চাইতাম ফাস্ট বোলারদের উল্টো চাপে ফেলতে। তাদের এই বার্তা দিতে চাইতাম যেন না ভাবে যে বাউন্সার মেরে আমাকে আটকানো বা আউট করা যাবে। আক্রমণ করে আমি বুঝিয়ে দিতে চাইতাম, আমাকে বাউন্সার দিলে বাউন্ডারি খাওয়ার সম্ভাবনাই বেশি। আপনার ক্যারিয়ারে মুখোমুখি হওয়া সবচেয়ে ভীতিপ্রদ শর্ট-পিচড ফাস্ট বোলিং স্পেল কোনটি?পন্টিং: ওয়াকায় আমাকে করা শোয়েব আখতারের বোলিংয়ের ভিডিও এখনো আমার কাছে আছে, আমার ক্যারিয়ারে খেলা দ্রুততম স্পেল সেটিই। মনে আছে, আমার সঙ্গে অন্য প্রান্তে ছিল জাস্টিন ল্যাঙ্গার, ও রান নিতেই চাইছিল না। এক প্রান্তে আমি শোয়েবকে খেলছিলাম, আরেক পাশে জাস্টিন ব্যাট গেড়ে বসে নিশ্চিত করছিল যেন সব বল আমিই খেলি! ফুঁসতে থাকা কোনো ফাস্ট বোলারের বাউন্সার উড়িয়ে দিয়ে তাঁর মনোবল গুঁড়িয়ে দেওয়ার কোনো ঘটনা কি মনে পড়ে?পন্টিং: আমার মনে হয় না, মনোবল কখনো গুঁড়িয়ে দেওয়া যায়। বোলিংয়ের একটা দারুণ ব্যাপার হলো, ব্যাটসম্যান যত জোরে এবং যত দূরেই মারুক না কেন, বল আবার বোলারের হাতেই ফিরে আসে। আবার আউট করার সুযোগ পাওয়া যায়। ব্যাটসম্যানরা যা চেষ্টা করে, তা হলো বোলারকে নিজের জাতটা বুঝিয়ে দেওয়া। পুল খেলে আপনি মিড অন থেকে ফাইন লেগ পর্যন্ত যেকোনো জায়গায় বল পাঠাতে পারতেন...পন্টিং: এটা বলের লাইনের ওপর নির্ভর করে। শরীর থেকে খানিকটা দূরের বল মিড অন ও মিড উইকেটে খেলা সহজ। তবে দীর্ঘ সময় ধরে কোনো শট ভালো খেলে যেতে হলে অনুশীলন করে যেতেই হবে। তা ওই শট কারও দুর্বলতা হোক বা শক্তির জায়গা। ব্যাকফুটে খেলা নিয়ে আমি সব সময়ই অনেক খাটতাম, সেটিরই ফল পেয়েছি। হাঁটু থেকে মুখ—সব উচ্চতায় লাফানো বলই আপনি পুল করতে পারতেন!পন্টিং: অ্যাডাম গিলক্রিস্টও এটা খুব ভালো পারত, আর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে মার্ক টেলরও এটা খুব ভালো পারত। এটাও নির্ভর করে বলের লেংথ বোঝার ওপর। ইনিংসের শুরুতে কেবল বুকসমান বা এর উঁচুতে লাফানো বলই পুল করতাম। কিন্তু লেংথটা আরেকটু ভালো বুঝতে শুরু করার পর আরেকটু ফুলার ডেলিভারিও পুল করতে পারতাম। তবে উইকেটের বাউন্স সম্পর্কে খুব ভালোভাবে নিশ্চিত হলেই কেবল এটা করা যায়। উপমহাদেশের উইকেটে যেমন হাঁটু উচ্চতার বলে পুল খুব বেশি খেলা যায় না, কারণ প্লেড অন বা বোল্ড হওয়ার শঙ্কা থাকে। বাউন্সার খেলার ক্ষেত্রে ছেলেবেলায় আপনি কার অনুরাগী ছিলেন?পন্টিং: অবশ্যই একজন ছিলেন ভিভ রিচার্ডস। আমাদের কিম হিউজও পুল ও হুক খুব ভালো খেলতেন। ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের বেশির ভাগ সময়ই হেলমেট ছাড়া খেলেছেন তিনি। ইয়ান চ্যাপেলও খুব ভালো খেলতেন। বেড়ে ওঠার সময়টায় এঁদের দেখেই আমি শিখেছি এবং চেষ্টা করেছি নিজেকে তাঁদের মতো করে গড়ে তুলতে।