পুলমুক্তি দাম দিয়েছে কমিয়ে
ক্লাব কাপ হকি শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি। অথচ এখনো পর্যন্ত কোনো দল পাননি পুলমুক্ত ছয় হকি খেলোয়াড়—মশিউর (বিপ্লব), রিমন ঘোষ, সাজ্জাদ (জন), জাহিদ (শুভ), মোশারফ (কুটি) ও খন্দকার হাসান।কাল জাতীয় দলের সাবেক হয়ে যাওয়া অধিনায়ক মশিউর আক্ষেপ করে বললেন, ‘অবসর নিয়ে কোনো লাভই হলো না। ভেবেছিলাম পুল থেকে মুক্ত হলে বিশেষ দর-কষাকষি করে আমাদের কেউ ডেকে নেবে। কিন্তু এখন পর্যন্ত কেউই আমাদের নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি।’ তাহলে কি তাঁদের খেলা হবে না এ বছর? ‘জানি না। হয়তো হবে। তবে নিজেদের এখন যোগাযোগ করতে হবে। অনেক কম টাকাতেই হয়তো কোনো এক দলে খেলতে হবে’—জানালেন মশিউর। সাজ্জাদ ভেবেছিলেন অস্ট্রিয়ার লিগে খেলবেন। কিন্তু কাল তাঁর কণ্ঠেও হতাশা ঝরল, ‘কোচ গেরহার্ডকে বলেছিলাম ওখানে খেলার ব্যবস্থা করে দিতে। কিন্তু কদিন আগে তিনি জানিয়েছেন আমাকে ওখানে বিনা পারিশ্রমিকে খেলতে হবে। তাই অস্ট্রিয়া যাওয়ার চিন্তা বাদ দিয়েছি।’ তিনিও মশিউরের মতো কম টাকায় কোনো এক দলে খেলার আশায় বসে আছেন। কিন্তু তাঁদের নেবে কারা? মোহামেডান-ঊষার মতো বড় দল কোটা পূরণ করে ফেলায় আপাতত আর কোনো খেলোয়াড় নিতে চাইছে না তারা। মেরিনার্স কর্মকর্তা আলমগীর কবিরও একই কথা জানালেন, ‘আপাতত আমাদের নতুন খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা নেই।’ আবাহনীর হকি কর্মকর্তা মো. শহীদুল্লাহ তরুণ দল নিয়েই আশাবাদী, ‘আমরা তরুণ দল নিয়ে খেলব এবার। নতুন খেলোয়াড় আর নিতে পারছি না।’ পুল থেকে মুক্ত হয়েও এখন বাজারে বিকোতে পারছেন না ছয় খেলোয়াড়। এখানে ক্রেতা যে কম, তার ওপর রয়েছে তাদের মনোপলি!এসএ গেমসের আগে ইউরোপ সফরে যাওয়া জাতীয় হকি খেলোয়াড়দের মধ্যে কোনো দল না পাওয়া এই ছয় খেলোয়াড় ক্ষোভে-দুঃখে জাতীয় দল থেকে অবসর নিয়ে পুলমুক্তির আবেদন জানান। ‘মহানুভব’ হকি ফেডারেশন মুক্তি দিলেও কোনো ‘গতি’ তাঁদের করে দিতে পারেনি।