পুলিশের অভিযোগপত্রে শ্রীশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দিনে দুটি বড় ধাক্কা। আবার টালমাটাল ভারতীয় ক্রিকেট। দুই দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গঠিত তদন্ত কমিটি ‘ক্লিন চিট’ দিয়েছিল সাময়িকভাবে সরে দাঁড়ানো সভাপতি এন শ্রীনিবাসনকে। কাল মুম্বাই হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, আইপিএলে স্পট ফিক্সিং তদন্তের জন্য বিসিসিআই দুই সদস্যের যে কমিটি গঠন করেছিল, তা অসাংবিধানিক ও অবৈধ। এ বিষয়ে নতুন করে তদন্ত করতে হবে।হাইকোর্টের এই রায়ে তাই আবারও ঝুলে গেল বিসিসিআই সভাপতি পদে শ্রীনিবাসনের ফেরা। একই দিনে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীশান্ত, অজিত চান্ডিলা আর আঙ্কিত চাভানকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে দিল্লি পুলিশ। তিন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সেখানে আছে দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলসহ ৩৯ জনের নাম।স্পট ফিক্সিং কেলেঙ্কারি তদন্তের জন্য বিসিসিআই তামিলনাড়ু হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি প্যানেল কমিটি গঠন করেছিল। গত রোববার সেই কমিটির দেওয়া রিপোর্টে বলা হয়, এন শ্রীনিবাসন, ইন্ডিয়া সিমেন্ট (চেন্নাই সুপার কিংসের মালিক), গুরুনাথ মায়াপ্পন এবং রাজ কুন্দ্রার (রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক) বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। তবে বিহার ও ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে করা একটি জনস্বার্থ মামলার শুনানির পর গতকাল পুরো ব্যাপারটি আবারও তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। তদন্ত কমিটির সাক্ষ্য-প্রমাণে অনেক বৈসাদৃশ্য রয়েছে, এমন অভিমত দিয়েছেন আদালত। ক্রিকইনফো।