পুলিশের আরজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দিন আগেই কোস্টারিকার কোচ হোর্হে লুইস পিন্টো বলেছিলেন, ‘আপনারা সবাই রাস্তায় বেরিয়ে পড়ুন। এই জয়টা আপনাদের।’ দশজন নিয়েও গ্রিসের সঙ্গে স্নায়ুক্ষয়ী উত্তেজনার ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে কোস্টারিকা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় অর্জনের পর আনন্দ কেন বাঁধ মানবে? কিন্তু বুনো উল্লাস করতে গিয়েই ঘটেছে বিপত্তি। বেরসিক পুলিশ কোস্টারিকার রাস্তা থেকে গ্রেপ্তার করেছে ৩১ উচ্ছৃঙ্খল সমর্থককে। তাদের কাছে পেয়েছে দুটি বন্দুক, একটি ছুরি ও মাদকদ্রব্য। আনন্দ করতে বাধা নেই, কিন্তু কারও ক্ষতি করে নয়। তাই তো আগামী ৫ জুলাইয়ের কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের সঙ্গে জিতলে আনন্দটা একটু রয়েসয়েই করতে বলেছে সে দেশের পুলিশ। কোস্টারিকান দর্শকেরা শুনলে হয় পুলিশের আরজি! এএফপি।