পুলিশের ছদ্মবেশে ডাকাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন অলিম্পিক ভিলেজে। সঙ্গে যুক্তরাষ্ট্রের সাঁতার দলের তিন সতীর্থ। হঠাৎ পথরোধ করে দাঁড়াল পুলিশের একটা গাড়ি। কিন্তু একটু পরই বোঝা গেল, লোকগুলো পুলিশের ছদ্মবেশে দুর্বৃত্ত। মাথায় বন্দুক ঠেকিয়েই চারজনের সবকিছু লুট করে তারা। দুই দিন আগে ভয়ংকর এই অভিজ্ঞতা হয়েছে যুক্তরাষ্ট্রের সাঁতারু রায়ান লোক্‌টির।

ব্রাজিলিয়ান সাঁতারু থিয়াগো পেরেইরার আমন্ত্রণে একটা পার্টিতে গিয়েছিলেন ওই চারজন। ফেরার পথেই ঘটে এ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এনবিসিকে লোক্‌টি নিজেই জানিয়েছেন, ‘লোকটা বন্দুক বের করে আমার কপালে ধরে বলল, মাথা নিচু কর। আমি হাত তুললাম। সে পকেট থেকে টাকা, ওয়ালেট, সেলফোনসহ সবকিছু নিয়ে নিল।’ চারজনের কারোরই অবশ্য শারীরিক ক্ষতি হয়নি, নিরাপদেই ফিরতে পেরেছেন ভিলেজে।

তবে এ ঘটনা নিয়ে পরে আবার তৈরি হয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র মার্ক অ্যাডামস দাবি করেছিলেন, এ রকম কিছু হয়নি। পরে যুক্তরাষ্ট্রের কমিটি নিশ্চিত করেছে, লোক্‌টিরা ডাকাতির কবলেই পড়েছিলেন।

ওই ঘটনার পর রিওর কোপাকাবানা ও ইপানেমা সৈকতে অস্ট্রেলীয় অ্যাথলেটদের গতিবিধিও সীমিত করা হয়েছে। এএফপি।