পুলিশের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করবে আইসিসি
পাকিস্তান ক্রিকেট দলের স্পট-ফিক্সিং ও ম্যাচ-ফিক্সিংয়ের বিতর্কে তদন্তে নেমেছে ব্রিটিশ পুলিশ। আটঘাট বেঁধে নেমেছে স্কটল্যান্ড ইয়ার্ডও। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পদক্ষেপ নেওয়ার আগে পুলিশের প্রতিবেদন পর্যন্ত আইসিসি অপেক্ষা করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট শারদ পাওয়ার।সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে আজ সোমবার শারদ পাওয়ার বলেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা গুরুতর। আমরা নিজেদের মধ্যে এসব নিয়ে আলোচনা করেছি। এটা এখন পুলিশের তদন্তাধীন। সেই প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তদন্তপ্রক্রিয়া শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’জুয়াড়িদের সঙ্গে হাত মিলিয়ে তাদের কথামতো পাকিস্তানের ক্রিকেটারদের খেলার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় ছবি ও ভিডিও পুলিশের হাতে তুলে দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘নিউজ অব দি ওয়ার্ল্ড’।এ প্রসঙ্গে পাওয়ার বলেন, ‘মিডিয়ায় প্রকাশিত খবর সত্যি হলে বিষয়টি গুরুতর হিসেবেই দেখা হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোর্ড অবশ্যই সেই খেলোয়াড়কে রক্ষা করার চেষ্টা করবে না।’ টাইমস অব ইন্ডিয়া