পুলে ঝড় উঠছে আজই
আনুষ্ঠানিক আবাহনের আগেই অলিম্পিক ফুটবল মাঠে গড়িয়েছে দুই দিন আগে। আর্চাররা গতকাল শুরু করে দিয়েছেন তিরন্দাজি। বাংলাদেশ সময় আজ সকালে মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতাও সারা হয়ে গেছে। এখন সোনার পদকের লড়াই দেখার অপেক্ষা।
আর সোনার সেই লড়াই আজ সবচেয়ে বেশি দেখবে রিও ডি জেনিরোর অলিম্পিক অ্যাকোয়াটিক সেন্টার। সাঁতারপুলে আজ নিষ্পত্তি হবে চারটি ইভেন্টের। এর একটিতেও অবশ্য নেই মাইকেল ফেল্প্সের নাম। পদক জয়ে সর্বকালের সেরা অলিম্পিয়ান প্রথম পুলে নামতে পারেন আগামীকাল, ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে।
ফেল্প্সের এটাই শেষ অলিম্পিক। কিন্তু সাঁতাররাজ আগেভাগেই দখলে নেওয়ার সংকল্প নিয়ে রিওতে আসা কোসুকে হাগিনো নেমে পড়ছেন আজই। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নামবেন জাপানি সাঁতারু। চার বছর আগে লন্ডন অলিম্পিকে এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের দুই সাঁতারু রায়ান লোক্টি ও মাইকেল ফেল্প্সের পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছিলেন সে সময়ের ১৭ বছর বয়সী হাগিনো। এবার ফেল্প্সের মতো এই ইভেন্টে লড়ছেন না লন্ডনের সোনাজয়ী লোক্টিও।
প্রত্যাশার চাপটা কি বেড়ে যাচ্ছে হাগিনোর? ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ফেল্প্সের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাওয়া হাগিনো সে রকম মনে করছেন না, ‘অত চাপটাপ টের পাচ্ছি না। এটা সত্যি, আমেরিকান সাঁতারুরা অতীতে রাজত্ব করেছে। তবে এই তথ্য আমার সোনা জয়ের চেষ্টায় বাধা হবে না। আমি যা চাই তা হলো জয়।’
অলিম্পিকে সাঁতারের ইতিহাসে ফেল্প্সের মতোই ঝলমলে রেকর্ড যুক্তরাষ্ট্রের। রাজনীতি-অর্থনীতিতে মার্কিন পরাশক্তি মাঝেমধ্যে পেছনে পড়ে গেলেও সাঁতারপুলে দলটির জুড়ি নেই। ১২০ বছরের ইতিহাসে ২৩০টি সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। মাত্র ৫৭টি সোনা নিয়ে অনেক পেছনে থেকে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।
২৩০ সোনার ১৮টিই যিনি এনে দিয়েছেন, সেই ফেল্প্স এবার সাঁতরাবেন তিনটি ব্যক্তিগত ইভেন্ট—১০০ ও ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। এছাড়া রিলেতেও নামার সম্ভাবনা আছে। ১০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে আগের তিনটি অলিম্পিকেই সোনা জিতেছেন ফেল্প্স। এবারও জিততে পারলে ইতিহাসেই ঢুকে যাবেন। সাঁতারে কোনো ব্যক্তিগত ইভেন্টে এর আগে টানা চারবার জিততে পারেননি কেউ।
মেয়েদের বিভাগে যুক্তরাষ্ট্রের পতাকা থাকছে কেটি লেডেকি ও মিসি ফ্র্যাঙ্কলিনের হাতে। ১৯ বছর বয়সী লেডেকির দখলেই ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইলের বিশ্ব রেকর্ড। গত বছর কাজানে ব্যক্তিগত বিভাগেই চারটি সোনা জিতেছেন লেডেকি। লন্ডনে চারটি সোনা জেতা ফ্র্যাঙ্কলিন এবার লড়বেন তিনটি ইভেন্টে।
পুলে আরও নজর কাড়তে পারেন অস্ট্রেলিয়ার কেট ক্যাম্পবেল, চীনের সুন ইয়াং, দক্ষিণ কোরিয়ার পার্ক তে-হোয়ান, ব্রিটেনের অ্যাডাম পিটি, ফ্রান্সের লঁরা মানাদু ও দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লস। এএফপি, রয়টার্স।
অলিম্পিক সাঁতার
সবচেয়ে বেশি সোনাজয়ী
পুরুষ
১৮ মাইকেল ফেল্প্স (যুক্তরাষ্ট্র)
৯ মার্ক স্পিৎজ (যুক্তরাষ্ট্র)
৮ ম্যাট বিয়ন্ডি (যুক্তরাষ্ট্র)
নারী
৮ জেনি থম্পসন (যুক্তরাষ্ট্র)
৬ ক্রিস্টিন অটো (পূর্ব জার্মানি)
৬ অ্যামি ভ্যান ডাইকেন (যুক্তরাষ্ট্র)
পদকে সেরা পাঁচ দেশ
সোনা রুপা ব্রোঞ্জ মোট
যুক্তরাষ্ট্র ২৩০ ১৬৪ ১২৬ ৫২০
অস্ট্রেলিয়া ৫৭ ৬০ ৬১ ১৭৮
পূর্ব জার্মানি ৩৮ ৩২ ২২ ৯২
হাঙ্গেরি ২৫ ২৩ ১৮ ৬৬
জাপান ২০ ২৪ ২৯ ৭৩