অলিম্পিকের বিগত দুটি আসরে ১৪টি সোনা জিতে ইতিমধ্যেই অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জেতার রেকর্ডটা নিজের দখলে রেখেছেন মাইকেল ফেলপস। এবার ক্যারিয়ারে তৃতীয়বারের মতো অলিম্পিকের আসরে অংশ নিতে যাচ্ছেন এই আমেরিকান সাঁতারু। আর এই লন্ডন অলিম্পিকে নিজের সক্ষমতা নতুন করে কিছু প্রমাণ করার নেই ফেলপসের। কিন্তু সামনে আছে অনেক কিছু অর্জন করার সুযোগ। সম্প্রতি দেওয়া এক সাক্ষাত্কারে সাংবাদিকদের এমনটাই বলেছেন ফেলপসের কোচ বব বোমান।চার বছর আগে বেইজিংয়ের শেষ অলিম্পিকে আটটি সোনা জিতেছিলেন মাইকেল ফেলপস। আর এই কীর্তিটা এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাঁকে। ১৪টি সোনা জিতে তিনিই এখন অলিম্পিকের সবচেয়ে বেশি সোনাজয়ী অ্যাথলেট। দ্বিতীয় স্থানে থাকা জিমন্যাস্ট লারিসা লাটিনিয়াও বেশ পিছিয়ে আছেন ফেলপসের চেয়ে। রাশিয়ান জিমন্যাস্ট লারিসার ঝুলিতে আছে নয়টি সোনা। এবার সম্ভবত ক্যারিয়ারের শেষ অলিম্পিকে পুলে নামছেন ফেলপস। আর এতে সোনার সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যই স্থির করে ফেলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি কিছু চ্যালেঞ্জ নিয়ে এবারের অলিম্পিকে অংশ নিতে চাই। কিছু জিনিস আমি করতে চাই। এই সাফল্যগুলো অর্জনের সুযোগ আমি হয়তো আর পাব না।’ফেলপস আসলে কী অর্জন করতে চাচ্ছেন, সেটা রেকর্ড বুকের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাবে। বিগত দুটি অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার সাঁতারে সোনা জিতেছেন ফেলপস। এবারও যদি তিনি সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেন, তাহলে প্রথম পুরুষ সাঁতারু হিসেবে টানা তিনটি অলিম্পিকে সোনা জেতার নতুন রেকর্ড গড়তে পারবেন এই আমেরিকান সাঁতারু। সে সঙ্গে আর মাত্র দুটি পদক জিতলে পারলেই লারিসা লাটিনিয়ার সবচেয়ে বেশি পদক (১৮টি) জয়ের রেকর্ডটা ভেঙে দিতে পারবেন তিনি।