পুলেই জবাব সুন ইয়াংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন একটু অবাক লেগেছিল। ম্যাক হর্টন কথার তির ছুড়ে যাচ্ছেন, অথচ পাল্টা কিছু বলছেন না সুন ইয়াং! কে জানত, জবাবটা সুইমিংপুলে দেবেন বলেই অপেক্ষা করছিলেন ইয়াং। আর দিলেনও কী দারুণভাবে! বুদাপেস্টের দানিয়ুব অ্যারেনার পুলে ইয়াং যখন ৪০০ মিটার ফ্রিস্টাইল শেষ করলেন, হর্টন তখনো সাঁতরে যাচ্ছেন। ৩ মিনিট ৪১.৩৮ সেকেন্ড নিয়ে সোনা জেতা ইয়াংয়ের চেয়ে প্রায় দুই সেকেন্ড বেশি নিয়ে রুপা জিতেছেন হর্টন (৩ মিনিট ৪৩.৮৫ সেকেন্ড)। ব্রোঞ্জ জিতেছেন ইতালির গ্যাব্রিয়েলে দেত্তি (৩ মিনিট ৪৩.৯৩ সেকেন্ড)।

দুজনের পুরোনো বৈরিতা। ডোপ নিয়ে একবার নিষিদ্ধ হয়েছিলেন বলে অস্ট্রেলিয়ার হর্টন রিও অলিম্পিক থেকেই কথার তির ছুড়ে আসছেন চীনের ইয়াংকে। অলিম্পিকে অবশ্য ৪০০ মিটার ফ্রিস্টাইলে হর্টন হারিয়ে দিয়েছিলেন ইয়াংকে। বুদাপেস্টে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেটারও শোধ নিলেন ইয়াং। প্রথম ১০০ মিটারে একটু পিছিয়ে ছিলেন। কিন্তু ২০০ মিটার থেকে সেই যে এগিয়ে গেলেন, তাঁকে ধরাছোঁয়ার মতো অবস্থায়ও ছিলেন না কেউ। এ নিয়ে টানা তিনবার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ফ্রিস্টাইল জিতলেন ইয়াং। স্টার স্পোর্টস।