পুলের খেলোয়াড় সর্বোচ্চ তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রতিটি দলে পুলের খেলোয়াড় কতজন করে থাকবে, কতজন বিদেশি খেলোয়াড় খেলানো যাবে—এসব নিয়ে দ্বিধাবিভক্ত ছিল সিসিডিএম। কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান উপসংহার টানলেন এই আলোচনার।

আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রতিটি দল পুলের খেলোয়াড় নিতে পারবে সর্বোচ্চ তিনজন। নির্বাচকেরা এরই মধ্যে ১৯ জনের পুল সিসিডিএমের কাছে পাঠিয়ে দিয়েছেন। এ ছাড়া প্রতিটি ম্যাচে বিদেশি খেলোয়াড় খেলানো যাবে একজন করে। তবে সুপার লিগে দুজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ দেওয়া হতে পারে।

দুজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ দিলে অবশ্য একটি শর্তও জুড়ে দেবে বোর্ড, ‘সবাই শুধু বিদেশি ব্যাটসম্যান নিয়ে এলে লাভ নেই। আমরা চাই একজন ব্যাটসম্যান বা অলরাউন্ডারের সঙ্গে আরেকজন অবশ্যই ভালো মানের স্পিনার বা ফাস্ট বোলার হতে হবে। বাধ্যবাধকতা থাকবে যাতে বোলার বলে ব্যাটসম্যান খেলানো না হয়।’

জাতীয় দলের খেলোয়াড়দের না পেলে ক্লাবগুলো অনেক সময় লিগ খেলতে চায় না। এখন থেকে সেটি আর হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। জাতীয় দলের খেলোয়াড়েরা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকলে তাঁদের ছাড়াই লিগ হবে।