পুলের জলে ঝড় তুলতে ফিরছেন থর্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সাঁতার পুলে ফেরার ইচ্ছা পোষণ করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাঁতারু ইয়ান থর্প। ২০০০ আর ২০০৪ অলিম্পিকে পুলে ঝড় তুলে তিনি জিতেছিলেন মোট নয়টি পদক। অবসরের ঘোষণা দিয়েছিলেন ২০০৬ সালে। কিন্তু এবার অস্ট্রেলিয়ার অলিম্পিক বাছাই পরীক্ষায় উের যেতে পারলে আবারও সুইমিং পুলে দেখা যেতে পারে থর্পকে। এবং সেটা ২০১২ লন্ডন অলিম্পিকে। ইতিমধ্যেই ড্রাগ পরীক্ষার জন্য নিজের নামও নিবন্ধন করে ফেলেছেন তিনি।আবারও অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল এই অলিম্পিয়ান বলেছেন, ‘প্রতিযোগিতামূলক সাঁতারে আমি আবার অংশ নিতে পারব—এমনটা কখনোই ভাবিনি। শেষ পর্যন্ত অংশগ্রহণের সিদ্ধান্তটা নিতে পেরে খুব ভালো লাগছে। অবশ্য গত চার বছরের বেশির ভাগ সময় আমি সুইমিং পুলের বাইরেই কাটিয়েছি। কিন্তু আমাকে এখন খুব দ্রুতই আবার এর সঙ্গে মানিয়ে নিতে হবে।’অলিম্পিকে এখন পর্যন্ত একবারও ৪০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে হারের মুখ দেখেননি থর্প। ২০০ মিটার ইভেন্টেও হেরেছেন মাত্র একবার। এবার ‘টর্পেডো’ নজর দিয়েছেন ১০০ মিটার ইভেন্টের দিকেও। তিনি বলেছেন, ‘আমি ২০০ বা ১০০ মিটার ইভেন্টের জন্যও নিজেকে তৈরি করতে চাচ্ছি। আমার ধারণা এত সংক্ষিপ্ত সময়ে ৪০০ মিটার ইভেন্টের জন্য তৈরি হওয়ার যথেষ্ট সময় আমি পাব না।’ রয়টার্স।