পুলের রাজার প্রতিজ্ঞা সাম্রাজ্য পুনরুদ্ধারে

অলিম্পিকের ইতিহাসে ১৮টি সোনার পদক জেতার রেকর্ড তাঁর। এক আসরেই তিনি জিতেছিলেন আটটি সোনা। সর্বকালের সেরা অলিম্পিয়ান বলতে যা বোঝায় মাইকেল ফেলপস তা-ই। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের আসরেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু গত বছর আবার ফিরে আসার ঘোষণা দিয়েছেন। তাঁর ফিরে আসাটা যে সাম্রাজ্য পুনরুদ্ধারের নতুন প্রত্যয়, সেটা তিনি জানিয়ে দিলেন আমেরিকান চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার বাটারফ্লাইয়ে বছরের সেরা টাইমিংটা করেই।
অবসর ভেঙে ফেরার ঘোষণার পর একটু হালকা চালেই এগোচ্ছিলেন ফেলপস। প্যান-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে গত বছর জিতেছিলেন তিনটি সোনা। কিন্তু আমেরিকান চ্যাম্পিয়নশিপের সেরা-টাইমিং আগামী বছরের রিও অলিম্পিকের আগে যেন হুমকিই হয়ে রইল অন্য সবার জন্য—ফেলপস আবার স্বরূপে, কারও কোনো আশা কি আছে?
আমেরিকান চ্যাম্পিয়নশিপে ২০১২ অলিম্পিকের চেয়েও ভালো টাইমিং করেছেন তিনি। ১ মিনিট, ৫২. ৯৪ সেকেন্ড সময় নিয়ে বাটারফ্লাই জয় ২০০৯ সালের বিশ্ব রেকর্ডের পর তাঁর সেরা টাইমিং।
নিজের এই ফেরায় দারুণ খুশি ফেলপস, ‘ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। পুলে সময়টা বেশ পার করছি। মনে হচ্ছে আগামী বছর মজার কিছু সময় কাটবে। রিও অলিম্পিকে কিছু পদক জেতার আশা করছি।’ রিও অলিম্পিকের প্রতিদ্বন্দ্বীদের এর চেয়ে আর কত নরম-স্বরে তিনি হুমকি দিতে পারতেন?
কোচ বব বোওম্যান তো আরও এক কাঠি সরেস। তিনি মনে করেন ৩০ বছর বয়সে, অলিম্পিকে ১৮টি সোনা জেতার পরেও ফেলপস নাকি সেরাটা এখনো বাকি! তবে অনুযোগ করেছেন ফেলপসের ফিটনেস ঘাটতি নিয়ে। সন্তুষ্টি তাঁর ছাত্র পুলের বাইরে ব্যক্তিগত সমস্যাগুলো পেছনে ফেলে এসেছে বলে, ‘আমি ওর জন্য গর্বিত, কারণ এ রকম পরিস্থিতিতে অনেকেই ভেঙে পরে। আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত অনিশ্চয়তায় ভুগেছি। তবে এখন আর কোনো অনিশ্চয়তা নেই।’
ইতিহাসের সেরা অলিম্পিয়ান আবার ফিরছেন অলিম্পিক-আসরে। আবার ঝড় তুলবেন পুলে। রিও অলিম্পিকের আলো বেড়ে গেল এক ঝলকেই। সূত্র: এএফপি।