পুষিয়ে নিতে আন্ডার ৮!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় রাউন্ড শেষ করেই এক দৌড়ে উঠে গেলেন দোতলায় স্কোরারদের কক্ষে। নিয়মানুযায়ী নিজের হাতে জমা দিলেন স্কোরকার্ড। নিচে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের আগ্রহের কেন্দ্রে ততক্ষণে শুধুই ওই গলফার—দুলাল হোসেন। বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় রাউন্ড শেষে স্বাগতিক দেশের একমাত্র গলফার হিসেবে নাম লেখাতে পেরেছেন সেরা পাঁচে। পারের চেয়ে ৬ শট কম খেলা দুলালই এখন বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল আশার আলো।
বৃষ্টির কারণে প্রথম দিনে ১৮ হোলের পুরো খেলা শেষ করতে পারেননি দুলাল। ১২ হোল খেলে পারের সমান ছিলেন। বাকি ৬ হোল শেষ করতে কাল দুলালকে শুরু করতে হয় ভোর সাড়ে ৬টা থেকে। একটা মানসিক চাপ তো ছিলই। তবু দিন শেষে এমন ভালো করতে পেরে খুশি কুমিল্লার যুবক, ‘কাল (পরশু) খুব খারাপ খেলেছিলাম। তারপরও আশা ছাড়িনি। আজ অনেকটা পুষিয়ে নিয়েছি। এখন ধারাবাহিকতাটা ধরে রাখতে চাই।’
দ্বিতীয় রাউন্ডের শেষ দিকে এসে দারুণ ধারাবাহিক ছিলেন দুলাল। ৯, ১০ ও ১১ নম্বর হোলে বার্ডি করেছেন। ১২ নম্বরে পারের সমান খেলার পর আবার বার্ডি। আর ১৪ নম্বর হোলে তো করেছেন ইগলই। এরপর পারের সমান খেলেছেন টানা শেষ তিন হোল।
কুর্মিটোলা কোর্সের বেশির ভাগ গলফারেরই উঠে আসার গল্প প্রায় এক। দুলালও সেই ‘ক্লাবের’ সদস্য। তখন দুলালের বয়স মাত্র ৯ বছর। বাবার হাত ধরে প্রথম এসেছিলেন কুর্মিটোলা গলফ কোর্সে। দুলালের বাবা তখন কুর্মিটোলা গলফ কোর্সের ক্যান্টিনের চা বিক্রি করতেন। বাবার সঙ্গে ক্যান্টিনে এলেও মন পড়ে থাকত গলফের সবুজ কোর্সে। অন্য গলফারদের খেলা চেয়ে চেয়ে দেখতেন। মনের মধ্যে পুষে রাখা স্বপ্নটা ডানা মেলতে পারত না দারিদ্র্যের কারণে। কিন্তু সুযোগটা করে দিয়েছিলেন তাঁর বাবাই। একজন ক্যাডি মাস্টারকে ডেকে ছেলেকে বলবয়ের কাজ দিতে অনুরোধ করেন। সেই থেকে বলবয়, তারপর এক ইতালিয়ান গলফারের ক্যাডির কাজ পান ১২ বছর বয়সে। তখন দুলাল গাছের ডাল দিয়ে ক্লাব বানিয়ে সুইং করতেন। একদিন কুর্মিটোলা গলফ ফেডারেশনের এক কর্মকর্তার চোখে পড়ে দুলালের সীমাহীন গলফপ্রীতি। তাঁকে উপহার দেন গলফের পুরো এক সেট সরঞ্জাম।
অ্যামেচার হিসেবে দুলালের শুরুটা ছিল চমৎকার। ২০০৯ সালে ভারতে অল-ইন্ডিয়ান অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ। পরের বছর ঢাকায় এসএ গেমসে দলগত ও ব্যক্তিগত সোনা জেতেন। ২০১০ সালেই শ্রীলঙ্কায় ১২৩তম শ্রীলঙ্কান অ্যামেচার গলফে দলগত চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর ২০১২ সালে শ্রীলঙ্কা ও ভুটানে অ্যামেচার গলফের দলগত ও ব্যক্তিগত ইভেন্টে রানার্সআপ হন।
পেশাদার জগতে দুই বছর আগে পা রাখলেও দুলালের এটাই প্রথম এশিয়ান ট্যুর। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে মৌসুমের বাকি সময় এবং আগামী বছর এশিয়ান ট্যুরে সরাসরি খেলার টিকিট পাবেন। দ্বিতীয় রাউন্ডে যেভাবে খেলেছেন তাতে সেই স্বপ্নটা দুলাল এখন দেখতেই পারেন।