পুসকাস-রাউলের পাশে গ্যারেথ বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা ডেল রের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও গোল করলেন বেল। ছবি: রয়টার্স
কোপা ডেল রের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও গোল করলেন বেল। ছবি: রয়টার্স

এবারের ইউরোপিয়ান ফুটবলের শুরুটাই হয়েছিল গ্যারেথ বেলের চমক দিয়ে। ওয়েলসের এই উইঙ্গারকে দলে ভেড়ানোর জন্য ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। সে সময় বেলের পেছনে বিপুল পরিমাণ টাকা খরচের কোনো যৌক্তিকতাই খুঁজে পাননি অনেকে। কিন্তু মৌসুম শেষে বেল ঠিকই দেখিয়ে দিয়েছেন যে, রিয়াল টাকাটা ঠিক জায়গাতেই ঢেলেছিল। শুরুর মতো মৌসুমের শেষেও চমক দেখিয়েছেন ওয়েলসের এই তারকা। রিয়ালের জার্সি গায়ে শুরুতে কিছুটা নিষ্প্রভ হয়ে থাকলেও বেল শেষ পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন যে, তিনি আসলে বড় ম্যাচের তারকা।

এবারের মৌসুমে রিয়ালের বড় দুটি শিরোপা জয়েরই অন্যতম প্রধান কারিগর বেল। বার্সেলোনার বিপক্ষে কোপা ডেল রের ফাইনালেও রিয়ালের জয়সূচক গোলটি এসেছিল তাঁর পা থেকে।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তাঁর গোলই ছিটকে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। এক মৌসুমে কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করার বিরল কীর্তি আছে মাত্র দুজনের। রিয়ালের দুই কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস ও রাউলের। মাত্র ২৪ বছর বয়সেই এই কিংবদন্তিদের পাশে নাম লিখিয়ে ফেললেন বেল। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা তো ইতিমধ্যেই বেলকে বসিয়ে দিয়েছে কিংবদন্তির আসনে। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘বেল ইতিমধ্যেই হয়ে গেছে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি।’

ইউরোপিয়ান ফুটবলে বেলের উত্থানটা সত্যিই বিস্ময়কর। গত বছরের আগস্ট পর্যন্তও খুব বেশি আলোচনায় ছিলেন না। ওয়েলসের কার্ডিফে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে সময় কাটিয়েছিলেন নীরবে-নিভৃতে। আর ঠিক এক বছর পর, এ বছরের আগস্টে বেল সেই কার্ডিফেই পা রাখবেন বীরের বেশে। উয়েফা সুপার কাপের শিরোপা জয়ের লক্ষ্যে কার্ডিফের মাঠে নামবেন সেভিয়ার বিপক্ষে। বেলকে বরণ করে নিতে উন্মুখ তাঁর দেশের মানুষ।