লিওনেল মেসি বার্সেলোনার সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন অনেক আগেই। ক্রিস্টিয়ানো রোনালদোও রিয়াল মাদ্রিদের কিংবদন্তিদের একে একে টপকে এগিয়ে যাচ্ছেন তরতর করে। গত পরশুই যেমন শালকের বিপক্ষে ফিরতি লেগে জোড়া গোল করে রোনালদো ছুঁয়ে ফেলেছেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। রিয়াল মাদ্রিদও ৩-১ গোলে জিতে অনায়াসেই উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। দুই লেগ মিলিয়ে অগ্রগামিতা ৯-২ গোলে।
১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত আট বছরে রিয়ালের হয়ে ২৬২ ম্যাচে পুসকাস করেছিলেন ২৪২ গোল। পাঁচ বছরে মাত্র ২৩৬ ম্যাচেই রোনালদোর গোল হলো ২৪২টি। কার্লোস সান্তিয়ানা (২৮৯), আলফ্রেডো ডি স্টেফানো (৩০৫) ও রাউল (৩২৩)—এই তিনটি নামই এখন তাঁর সামনে। প্রথম লেগে শালকের মাঠে গিয়ে ৬-১ গোলের জয়েই নিশ্চিত ছিল রিয়ালের কোয়ার্টার ফাইনাল! তা ছাড়া আগামী রোববারই ‘এল ক্লাসিকো’। মহাগুরুত্বপূর্ণ বার্সা-যুদ্ধের কথা মাথায় রেখে কার্লো আনচেলত্তি নেন বিশ্রামনীতি। ২১ মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। শালকে ৩১ মিনিটে গোলটা ফিরিয়েও দিলেও ৭৪ ও ৭৫ মিনিটে রোনালদো ও মোরাতার দুই গোলে নিশ্চিত হয় রিয়ালের জয়। এল ক্লাসিকোর আগে এই জয়ে কোচ আনচেলত্তি ভীষণ খুশি।
খুশি রিয়ালের সাবেক কোচ হোসে মরিনহোও। পরশু মরিনহোর বর্তমান দল চেলসিও উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-গ্যালাতাসারাইয়ের ফিরতি লেগটা এক অর্থে ছিল ‘দিদিয়ের দ্রগবা স্পেশাল’। ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ক্লাব ছাড়ার পর পরশুই প্রথম পা রাখলেন দ্রগবা চেলসির মাঠে। প্রতিপক্ষ হলেও চেলসি সমর্থকেরা দ্রগবাকে উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছে। তবে এই অভ্যর্থনাটুকু ছাড়া দ্রগবার রাতটা ভালো যায়নি। গ্যালাতাসারাইকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। গোল করেছেন স্যামুয়েল ইতো আর গ্যারি কাহিল। দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতা। উচ্ছ্বসিত মরিনহো বলছেন, তাঁর দল বিশ্বসেরা দলগুলোর মুখোমুখি হতে তৈরি। এএফপি।