পুয়োলের কান্নাভেজা বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায় বন্ধু! দীর্ঘদিনের বার্সা সতীর্থ কার্লোস পুয়োলের বিদায়ী সংবাদ সম্মেলনে তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে এ ছাড়া আর কী বলবেন জাভি হার্নান্দেজ। কাল ন্যু ক্যাম্পে l এএফপি
বিদায় বন্ধু! দীর্ঘদিনের বার্সা সতীর্থ কার্লোস পুয়োলের বিদায়ী সংবাদ সম্মেলনে তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে এ ছাড়া আর কী বলবেন জাভি হার্নান্দেজ। কাল ন্যু ক্যাম্পে l এএফপি

ছয়টি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি করে কোপা ডেল রে ও বিশ্ব ক্লাব কাপ, ছয়টি স্প্যানিশ সুপার কাপ—মন জয় করা অসংখ্য মুহূর্ত আর সবশেষে কান্নাভেজা বিদায়৷
পেশাদারি ক্যারিয়ারে বার্সেলোনা ছাড়া খেলেননি আর কোনো ক্লাবে৷ ১৯ বছরের পথচলায় হয়ে উঠেছিলেন ক্লাবের প্রতীক৷ কান্নাভেজা চোখে কাল আনুষ্ঠানিকভাবে বার্সা-জীবনের ইতি টানলেন৷ প্রাণের ক্লাবকে কার্লোস পুয়োল বলে দিলেন ‘বিদায়’৷
হাঁটুর চোটের কাছে হার মেনে গত মার্চেই জানিয়ে দিয়েছিলেন, মৌসুম শেষে ছিন্ন করবেন বার্সার সঙ্গে বন্ধন৷ বিদায়ের ক্ষণটি এল মৌসুম শেষের দুদিন আগেই৷ আগামীকাল লা লিগার অঘোষিত ফাইনাল খেলতে নামবে বার্সা৷ কিন্তু ক্লাবের জার্সিতে ৫৯৩ বার মাঠে নামা ডিফেন্ডার েখলতে পারবেন না এই ম্যাচ৷ মাঠ থেকেই বিদায় নেওয়ার খানিকটা ইচ্ছে যে মনের কোণে ছিল না, তা নয়৷ তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিন্দুমাত্র ঝুঁকিতে ফেলতে চাননি ক্লাবকে, ‘আমি শনিবার খেলছি না৷ কোচদের সঙ্গে আমার কথা হয়েছে৷ আমরা শিরোপার জন্য খেলছি, তাই শতভাগ দেওয়া উচিত৷ আমি এমনকি বেঞ্চেও থাকব না৷’
ভবিষ্যৎ এখনো জানেন না পুয়োল৷ যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকার কিংবা সাবেক স্পেন-সতীর্থ আর ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বী রাউল গঞ্জালেসের সঙ্গে কাতারে খেলবেন বলে গুঞ্জন আছে৷ তবে পুয়োল আপাতত চাইছেন চোট থেকে পুরো সেরে উঠতে, ‘খেলা যে চালিয়েই যাব, এমনটা নিশ্চিত নয়৷ আগে চোট কাটিয়ে উঠতে হবে৷ ভবিষ্যৎ এখনই বলতে পারি না৷ তবে কোচিংয়ে জড়াব বলে মনে হয় না৷’
পুয়োলের বিদায়ী সংবাদ সম্মেলনে ছিলেন বার্সা সতীর্থ, কর্মকর্তারা৷ স্তুতির মিছিলে অনেকের সঙ্গে যোগ দিয়েছেন তাঁর সাবেক দুই কোচ লুই ফন গাল ও পেপ গার্দিওলা৷ পুয়োলকে নিজের দেখা ‘সেরা পেশাদার’ বলেছেন দীর্ঘদিনের সতীর্থ জাভি হার্নান্দেজ৷ সতীর্থের বিদায়ী আয়োজনেও অবশ্য বার্সা মিডফিল্ডারকে কথা বলতে হলো অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচ নিয়ে, ‘আমরা ভেবেছিলাম লিগ হারিয়ে ফেলেছি, কিন্তু ফুটবল আমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে৷ যদিও ইউরোপের সেরা রক্ষণ অ্যাটলেিটকোর, তবে আমরা নিজেদের উজাড় করে দেব৷’ এএফপি৷