পুয়োল ছাড়া বার্সা বার্সা ছাড়া পুয়োল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্ধান্তটি যেন গৃহত্যাগের মতো। পরিবারের সবাইকে রেখে একাকী বেরিয়ে যাওয়া।
সেই ১৯৯৫ সালে ১৮ বছর বয়সে দুরু দুরু বুকে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন বার্সেলোনার যুব একাডেমি ‘লা মাসিয়া’র চত্বরে। সেই থেকেই ন্যু ক্যাম্প কার্লোস পুয়োলের ঘরবাড়ি। পরে বার্সেলোনার ‘সি’ দল, ‘বি’ দল হয়ে ১৯৯৯ সালে অভিষেক মূল দলে। ২০০৩-০৪ মৌসুমেই পেয়ে যান অধিনায়কত্ব। হয়ে উঠেছিলেন বার্সেলোনার প্রতীক, দলের সত্যিকার নেতা। ড্রেসিংরুমের মধ্যমণি। তরুণদের কাছে আদর্শ।
এখনো তাই আছেন। তবে এই মৌসুম শেষেই ছিঁড়ে যাচ্ছে সম্পর্কের সুতা। প্রায় পুরোটা ক্যারিয়ারই কাটিয়ে দেওয়ার পর পুয়োল এই বুড়ো বয়সে ছাড়ছেন বার্সা! সিদ্ধান্তটা ক্লাবকে আগেই জানিয়েছিলেন। পরশু আনুষ্ঠানিকভাবে জানালেন, ‘এই মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ব আমি।’
ক্লাবে আরও কিছুদিন হয়তো থাকছেন, তবে বিদায়ের রাগিণী বেজে উঠেছে পুয়োলের মনে, যিনি বার্সার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ (৫৯৩টি) খেলেছেন। বার্সায় তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু মিডফিল্ডার জাভি হার্নান্দেজই (৭০৯টি)। বার্সেলোনার হয়ে ছয়টি লিগ, তিনটি চ্যাম্পিয়নস লিগসহ ২১টি শিরোপা জিতেছেন। তবু আনুষ্ঠানিকভাবে যখন বুটজোড়া তুলে রাখবেন, একটা অতৃপ্তি হয়তো ঠিকই উঁকি দেবে পুয়োলের মনে। নিজেই তো বলেছিলেন, ‘বার্সেলোনার জার্সি গায়েই ক্যারিয়ার শেষ করার স্বপ্ন আমার।’
কিন্তু চোট সেই স্বপ্ন অপূর্ণই রাখছে। চোট ২০১০-১১ মৌসুম থেকেই পেয়ে বসেছে। একাধিকবার করাতে হয়েছে অস্ত্রোপচার। খেলার চেয়ে বাইরেই বসে থাকতে হচ্ছে বেশি। এ মৌসুমে সব মিলে খেলেছেন মাত্র ১০টি ম্যাচ। বয়স এখন ৩৫। পুয়োল নিজেই বলেছেন, বার্সেলোনার রক্ষণ সামলানোর চ্যালেঞ্জটা নেওয়ার সামর্থ্য তাঁর শরীরের নেই। ওয়েবসাইট।
গুঞ্জন আছে, পুয়োলের সম্ভাব্য ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো দল। পছন্দের শহর নিউইয়র্কের দুটি ক্লাবের সঙ্গে নাকি তাঁর যোগাযোগও আছে। যেখানে যান, বার্সাকে ভুলতে পারবেন না কোনো দিন।