পুয়োলের অবসর ভাবনা
পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছেন। কিন্তু গোলের খেলা ফুটবলে ডিফেন্ডারদের নিয়ে আলোচনা কতটুকুই বা হয়? কার্লোস পুয়োলের ওপরও তাই সেভাবে আলো পড়েনি। কিন্তু সব পাল্টে গেল স্পেনকে ফাইনালে তুলে দেওয়া ওই গোলের পর। স্পেনের রক্ষণভাগ সামলাচ্ছেন ১০ বছর ধরে, কিন্তু পুয়োলকে নিয়ে এত মাতামাতি খুব কমই হয়েছে। আর এই আলোচনার মাঝে হঠাৎই যেন সবাই বুঝতে পারল, স্পেন দলে পুয়োলের দিনও শেষ হয়ে আসছে। দলে সবচেয়ে বেশি বয়সীদের একজন তিনি, প্রশ্নটা তাই উঠছেই—বিশ্বকাপ শেষেই কি তবে তুলে রাখবেন বুট জোড়া?৩২ বছর বয়সী ডিফেন্ডার সে সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচের আগে অন্য কিছু নিয়েই ভাবতে চান না। সিদ্ধান্তটা তুলে রেখেছেন ফাইনাল শেষ হওয়া পর্যন্ত, ‘এখনো সিদ্ধান্ত নিইনি। আমার মনে হয়, ফাইনাল শেষে ভাবার যথেষ্ট সময় থাকবে। ফাইনাল শেষে কোচ ভিসেন্তে দেল বস্ক ও স্পোর্টিং ডিরেক্টরের (সাবেক ডিফেন্ডার ও অধিনায়ক ফার্নান্দো হিয়েরো) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’ সত্যি সত্যিই বিদায় নিলে পুয়োলের শুরু ও শেষের সঙ্গে জড়িয়ে থাকবে হল্যান্ডের নাম। ২০০০ সালে হল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক, বিশ্বকাপ ফাইনাল তাঁর ক্যারিয়ারের ৯০তম ম্যাচ।অবসর-ভাবনা ফাইনালের পরে, আপাতত পুয়োলের ভাবনায় গোল। সেমিফাইনালের মহামূল্যবান গোলটির মতো ফাইনালেও করতে চান গোল, ‘ক্যারিয়ারে খুব বেশি গোল করতে পারিনি, কিন্তু ওই গোলটা ছিল খুব গুরুত্বপূর্ণ। আশা করি, ফাইনালেও এমন গুরুত্বপূর্ণ একটি গোল করতে পারব।’ সেমিফাইনালের গোলটি নিয়ে এখনো শিহরিত এই ডিফেন্ডার, ‘ওই মুভটা নিয়ে জাভির সঙ্গে আমি আগেই কথা বলেছিলাম, পরিকল্পনা ছিল কর্নার থেকে বল পেনাল্টি স্পটের কাছাকাছি রাখা। প্রথমার্ধে ও বল জায়গামতো রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে একদম ঠিক জায়গায় ফেলল। মুহূর্তটা ছিল অবিস্মরণীয়, কারণ ক্যারিয়ারে কটিই বা গোল করেছি!’প্রথম ম্যাচেই হেরেছিল স্পেন, এরপর টানা জিতে ফাইনাল। সেই হারটিকে এখন দূর অতীতের স্মৃতি বলে মনে হচ্ছে পুয়োলের, ‘সুইজারল্যান্ডের কাছে হারটা ছিল বড় একটা আঘাত। তবে এর পর থেকেই আমরা উন্নতি করেছি। আমাদের আত্মবিশ্বাসও ফিরে এসেছে। জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলেছি আমাদের সেরা খেলা। যেখানে এসেছি, আমরা পুরোপুরি তার যোগ্য।’ সেমিফাইনালের পারফরম্যান্স দেখে ফাইনালেও স্পেনকে ফেবারিট ধরে নিয়েছে অনেকে। কিন্তু পুয়োলের ধারণা, কঠিন লড়াই হবে ফাইনালে, ‘ফাইনালের দুদলই ফুটবলটা নিজেদের মতো করে খেলতে ভালোবাসে, দুদলেই অনেক প্রতিভাবান ফুটবলার আছে। শিরোপার আকাঙ্ক্ষা নিয়ে আমরা ফাইনাল খেলব, তবে ওদের প্রাপ্য সম্মানটাও দিতে হবে। দুদলই আকর্ষণীয় ফুটবল উপহার দিতে পারে।’স্পেন চ্যাম্পিয়ন হলে হয়তো বিদায় বলেও দিতে পারেন পুয়োল। বার্সেলোনার হয়ে চারটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপসহ সম্ভব সব শিরোপাই জিতেছেন। স্পেনের হয়ে জিতেছেন ইউরো, এবার বিশ্বকাপটাও জিতলে আর কি-ই বা চাওয়ার থাকতে পারে! এএফপি, ওয়েবসাইট।