পুয়োলের দিনে মেসির উপহার
এই বছর দুজনের দুই রকম অভিষেক হয়েছিল। বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে পা ফেলেছিলেন লিওনেল মেসি। আর লুইস এনরিকের কাছ থেকে ক্লাবের অধিনায়কের বাহুবন্ধনীটা বুঝে নিয়েছিলেন কার্লোস পুয়োল। সেই পুয়োল পরশু তাঁর আজন্মের ক্লাব বার্সার হয়ে খেলে ফেললেন ৫০০তম ম্যাচ। আর এমন বিশেষ দিনে ছয় বছর আগে এই পুয়োলের অধিনায়কত্বে যাত্রা শুরু করা মেসি কিছু দেবেন না, তা কী করে হয়! অধিনায়ককে জয় এবং জোড়া গোল দুটোই দিলেন। ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে বার্সাও সাময়িকভাবে উঠে গিয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। অবশ্য গতকালই তাদের পিছু তাড়া করছিল রিয়াল মাদ্রিদ।আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজানো ম্যাচে দুটো দারুণ গোল। ডি-বক্সে চার-পাঁচজন ডিফেন্ডারের জটলার ভিড়েও সামান্য যে জায়গা পেয়েছেন, তাতেই পেদ্রোর সঙ্গে ওয়ান-টু। এরপর ‘দুর্বল’ ডান পায়েই দুর্দান্ত চিপ করে ভূপাতিত ভিয়ারিয়াল গোলরক্ষককে দর্শক বানিয়ে বল জড়িয়ে দেওয়া জালে। দ্বিতীয় গোলটি অবশ্য অতটা দৃষ্টিনন্দন ছিল না। তবে ওই গোলই ম্যাচ থেকে ছিটকে দেয় মাঝেমধ্যেই চোখ রাঙানো ভিয়ারিয়ালকে।মেসির হ্যাটট্রিকটাও হয়ে যেত। কিন্তু লাইন্সম্যানের অফসাইডের ভুল সিদ্ধান্ত কেড়ে নিয়েছে তাঁর একটি গোল। তাতেও অবশ্য মেসির মন খারাপের কিছু নেই। হাতের মুঠোয় সুফলা সময়। এ নিয়ে টানা সাত ম্যাচে গোল করলেন। টানা এতগুলো ম্যাচে গোল করার অভিজ্ঞতা এটাই তাঁর জন্য প্রথম।তিনটি মৌসুম ধরে আক্রমণভাগে মেসি যেভাবে খেলছেন, ঠিক কোনটি তার সবচেয়ে ভালো সময় বলা মুশকিল। তবে এই মৌসুমে আর্জেন্টাইন জাদুকর যেন ঠিক করেছেন, ম্যাচের চেয়ে গোলের সংখ্যাটি বেশিই রাখবেন। ইউরোপ ও ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা ২০০৮-০৯ মৌসুমে ৫১ ম্যাচে করেছিলেন ৩৮ গোল। গত মৌসুমে আরও এগিয়ে, ৫৩ ম্যাচে গোল ৪৭টি। আর এবার? নিচের ছকটাই দেখুন: