পরশুই বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ৫০০তম ম্যাচটি খেলে ফেললেন কার্লোস পুয়োল। বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড থেকে খুব একটা দূরেও নেই। তার পরও ওই রেকর্ড অন্তত পুয়োলের হাতে ভাঙার সম্ভাবনা কম! কারণ সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকায় তাকালেই পরিষ্কার হয়ে যাবে। ৫৪৮টি ম্যাচ নিয়ে সবার ওপরে ১৯৭৩ থেকে ১৯৮৯ পর্যন্ত খেলা মিগুয়েলির। ৫০০ ম্যাচ নিয়ে পুয়োল তিনে। দুইয়ে যে আছেন, তাঁর কারণেই রেকর্ডটা পুয়োলের হওয়ার সম্ভাবনা প্রায় নেই। কারণ সেটি জাভির দখলে। এই মিডফিল্ডার খেলেছেন ৫৪১ ম্যাচ। জাভির বয়স ৩০, পুয়োলের ৩২। ইনজুরিতে না পড়লে জাভিই আগে ভেঙে দেবেন মিগুয়েলির রেকর্ড। এবং পুয়োলকে সম্ভবত ক্যারিয়ারের শেষ পর্যন্ত জাভির পেছনেই থাকতে হবে। তবে এই সব রেকর্ডই ভেঙে দিতে পারেন লিওনেল মেসি। এই ফরোয়ার্ড বছরে গড়ে ৫০টি করে ম্যাচ খেলছেন। ২৩ বছর বয়সী মেসি এরই মধ্যে খেলে ফেলেছেন ২৩০টি ম্যাচ।