পূজারা-অশ্বিনে ভরসা ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম থেকেই স্পিনাররা যেন সহায়তা পান, এমন উইকেটই চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বাই টেস্টে কাঙ্ক্ষিত সেই উইকেট মনে হয় পেয়েও গেছেন ভারতীয় অধিনায়ক। তবে সেই স্পিনবান্ধব উইকেটের বলি হয়েছে ভারত নিজেই। দুই ইংলিশ স্পিনার মন্টি পানেসর ও গ্রায়েম সোয়ানের ঘূর্ণি জাদুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক দল। মাত্র ১৬৯ রানে ছয় উইকেট হারানোর পর চেতেশ্বর পূজারা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটের দিকে তাকিয়ে আছেন ভারতের সমর্থকেরা। সপ্তম উইকেটে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দিচ্ছেন এই দুই ব্যাটসম্যান। মুম্বাই টেস্টের প্রথম দিন শেষে ছয় উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করেছে ভারত। পূজারা ১১৪ ও অশ্বিন ৬০ রান করে অপরাজিত আছেন।আজ ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছিলেন বীরেন্দর শেবাগ। ৪৩ বলে ৩০ রান করে স্মরণীয় একটা ইনিংস খেলার দিকেই হয়তো এগিয়ে যাচ্ছিলেন ভারতের অভিজ্ঞ এই ওপেনার। কিন্তু তাঁকে সেখানেই আটকে দেন দীর্ঘদিন পরে ইংল্যান্ডের টেস্ট দলে ফেরা পানেসর। এর আগে ইনিংসের প্রথম ওভারেই আরেক ওপেনার গৌতম গম্ভীরের উইকেট তুলে নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে নামা টেন্ডুলকারও পারেননি সফল হতে। মাত্র ৮ রান করেই পানেসরের শিকারে পরিণত হয়েছেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি। চতুর্থ উইকেটে ৪৮ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। কিন্তু আবারও ভারতীয় শিবিরে আঘাত হানেন পানেসর। ১৯ রান করে ফিরে যান কোহলি। পরের ওভারে ভারতের আরেক ব্যাটিং ভরসা যুবরাজ সিংকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যান গ্রায়েম সোয়ান। এর পর ২৯ রান করা ধোনিকে ফেরান পানেসর। সূত্র: ক্রিকইনফো।