পূজারা-দেয়ালে বাঁচল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টেস্টে ৫৬৪ মিনিটের পর কাল সারা দিনে আনুমানিক ৩৬০ মিনিট। ১৫ ঘণ্টারও বেশি। বলের হিসাবে ৭১৯, ওভারের হিসাবে প্রায় ১২০ ওভার! কত কিছুই হয়ে গেল, কিন্তু চেতেশ্বর পূজারা এখনো এই সিরিজে নটআউট! মুম্বাই টেস্টের প্রথম দিনে ভারতের উইকেট পতনের মচ্ছবেও পূজারা দেয়াল তুলে দাঁড়ালেন। ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়ের শূন্যতা পূরণ করতে এসেছেন। কাল চোখ-ধাঁধানো কয়েকটি ক্লাসিক কাভার ড্রাইভে মনে করিয়ে দিলেন ভিভিএস লক্ষ্মণের কথাও। দ্রাবিড়-লক্ষ্মণ দুজনের শূন্যতাই পূরণ করতে প্রস্তুত পূজারার ব্যাটে প্রথম দিনটা স্বস্তিতে পার করেছে ভারত।মন্টি পানেসারের ঘূর্ণিতে ১৬৯ রানে ৬ উইকেট হারিয়ে যে ভারত দুই শর নিচে অলআউট হওয়ার শঙ্কায়, সেই ভারতই পূজারার অপরাজিত সেঞ্চুরিতে আর কোনো উইকেট না হারিয়ে যোগ করেছে আরও ৯৭ রান। প্রায় সেঞ্চুরির এই অবিচ্ছিন্ন জুটিটা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে। অশ্বিন নিজে ৬০ রানে অপরাজিত থেকে মনে করিয়ে দিচ্ছেন গত বছর মুম্বাইয়ের এই মাঠেই তাঁর সেঞ্চুরির কথা।অর্ঘ্য সাজানো ছিল আরেকজনের জন্য। কিন্তু পূজা পেলেন আরেকজন। শততম টেস্ট খেলতে নামা বীরেন্দর শেবাগ শুরুটা ভালোই করেছিলেন। জেমস অ্যান্ডারসনের আঘাতে দিনের দ্বিতীয় বলেই ওপেন-সঙ্গী গৌতম গম্ভীরকে হারালেও ৪৩ বলে ৩০ করেছিলেন বীরু। কিন্তু পানেসারের ফুল লেংথের বল লেগে ঠেলতে গিয়ে লাইন মিস করেন। প্যাডে লেগে বেল ফেলে দেয় বল। সেটাই পানেসারের প্রথম উইকেট। নিজের পরের ওভারেই দারুণ এক বলে ১৯২তম টেস্ট খেলার অভিজ্ঞতাকে ধন্দে ফেলে দিয়ে বোল্ড করেছেন শচীন টেন্ডুলকারকে।দিনের দ্বিতীয় বলেই মাঠে নামা পূজারা দুবার চেষ্টা করেছেন শুরুর এই ধাক্কা সামলে নেওয়ার। চতুর্থ ও ষষ্ঠ উইকেটে কোহলি আর ধোনিকে নিয়ে দুটো ফিফটি জুটিও গড়েছেন। কিন্তু দুবারই এই জুটি ভেঙেছেন ভারতীয় বংশোদ্ভূত পানেসার। এরই মাঝখানে যুবরাজকে স্মরণীয় প্রত্যাবর্তন পর্বে তিক্ত স্বাদ দেন গ্রায়েম সোয়ান, শূন্য রানে ফিরিয়ে দিয়ে। এর পরই পূজারা-অশ্বিনের পাল্টা লড়াই। ওয়েবসাইট।