স্পিনের মায়াজাল বিছিয়ে বদলা নেওয়ার স্বপ্ন দেখছে ভারত। এর প্রত্যক্ষ বার্তাটাও যেন ইংল্যান্ড পেয়ে গেল আহমেদাবাদের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই! ৮ উইকেটে ৫২১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করার পর কাল ১৮ ওভার বোলিং পায় ভারত। তাতে ৪১ রান তুলতেই ইংল্যান্ড হারিয়ে ফেলেছে ৩ উইকেট। তিনটি উইকেটই স্পিনের বলি।এর আগে ভারতকে ৫২১ রানের রান-পাহাড়ে নিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন চেতেশ্বর পূজারা। রাহুল দ্রাবিড়ের ‘তিন’ নম্বরে নেমে গুজরাটি তরুণ করেছেন প্রথম ডাবল সেঞ্চুরি। ২১ চারে করেছেন অপরাজিত ২০৬ রান। ক্যানসার-জয়ী যুবরাজ সিংয়ের জয় হলো সাদা পোশাকের ক্রিকেটেও! পূজারার সঙ্গে জুটি বেঁধে আগের দিনই তুলেছিলেন ৪০ রান। কাল জুটিটাকে ১৩০ রানে নিয়ে গিয়ে আউট হন যুবরাজ (৭৪)। একটু পর ধোনিকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন আগের দিনই ৪ উইকেট নেওয়া সোয়ান। উপমহাদেশে পঞ্চমবারের মতো ৫ উইকেট পেলেন এই ইংলিশ অফ স্পিনার।পূজারার ডাবলের অপেক্ষায় থাকা ভারত ইনিংস ঘোষণা করে চা-বিরতির পর পরই। কাল ৭০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে ভারত। ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন অশ্বিন। গুঁড়িয়ে দেন অভিষিক্ত নিক কম্পটনের স্টাম্প। এই উইকেট দিয়ে অশ্বিন ছুঁয়ে ফেলেন ইতিহাসের চতুর্থ দ্রুততম সময়ে (৯ টেস্টে) ৫০ উইকেটের মাইলফলক। অনিল কুম্বলেকে সরিয়ে ভারতের সবচেয়ে কম সময়ে ৫০ উইকেট নেওয়ার কীর্তি এখন তাঁর। কম্পটনের পর ‘নৈশপ্রহরী’ জেমস অ্যান্ডারসনকে ফিরিয়েছেন প্রজ্ঞান ওঝা। জোনাথন ট্রটকেও বিদায় করেন অশ্বিন। ইংল্যান্ডের সামনে ফলোঅনের শঙ্কা। ফলোঅন বাঁচাতে দরকার আরও ২৮১ রান। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস: ১৬০ ওভারে ৫২১/৮ ডিক্লে. (পূজারা ২০৬*, শেবাগ ১১৭, যুবরাজ ৭৪, গম্ভীর ৪৫, অশ্বিন ২৩; সোয়ান ৫/১৪৪, পিটারসেন ১/২৫, অ্যান্ডারসন ১/৭৫, প্যাটেল ১/৯৬)। ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮ ওভারে ৪১/৩ (কুক ২২*; অশ্বিন ২/২১, ওঝা ১/৩)।