ভারতীয় ক্রিকেটের নতুন দিনের ইঙ্গিত বলতে পারেন প্রথম ইনিংসকে। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নতুন দিনের তরুণ ব্যাটসম্যানদের ওপর ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে ভারত। নতুন দিনের ব্যাটসম্যান বলতে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। চতুর্থ টেস্ট খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছেন তরুণ ডানহাতি ব্যাটসম্যান পূজারা। অনবদ্য এক শতরান করে রেখেছেন নিজের প্রতিভার অনন্য উদাহরণ। তাঁর সংগ্রহ অপরাজিত ১১৮ রান। বিরাট কোহলি পূজারার সঙ্গে ১২৫ রানের জুটি গড়ে আউট হয়েছেন ৫৮ রানে। সুরেশ রায়না এরপর দ্রুত আউট হয়ে গেলেও অধিনায়ক ধোনিকে সঙ্গে নিয়ে প্রথম দিনটা পার করে দিয়েছেন ওই পূজারাই। ধোনি অপরাজিত আছেন ২৯ রানে। প্রথমদিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩০৭। সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের ব্যাটে সূচনাটা হয় ভালোই। প্রথম উইকেট জুটিতে ৪৯ রান ওঠে। ৩৬ বলে ২২ রান করে বোল্টের শিকার হন গম্ভীর। এরপর শেবাগ পাগলা ঘোড়া ছুটিয়ে ৪১ বলে ৪৭ রান করে আউট হন। শেবাগের উইকেটটি নেন ব্রেসওয়েল গাপটিলের সহায়তায়। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ১৯ রানে বোল্টের এক দুর্দান্ত বলে বোল্ড হন টেন্ডুলকার। এরপর বাকী সময়টা ছিল পুরোটাই পূজারা ও কোহলিময়। স্থিতধী এই জুটি হঠাত্ জেড়ে ওঠা বিপদের শঙ্কা যথেষ্ট ধৈর্য্যের সঙ্গেই সামাল দেন। নিউজিল্যান্ডের পক্ষে বোল্টের সংগ্রহ ২ উইকেট। বাকী ৩ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন মার্টিন, ব্রেসওয়েল ও জিতান প্যাটেল। তথ্যসূত্র: রয়টার্স।