পূজারায় পার হলো ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মাস পর টেস্ট ক্রিকেটে। সেটাও আবার রাহুল দ্রাবিড়ের জায়গায়। চেতেশ্বর পূজারা যদি ব্যর্থ হতেন তাহলে অনায়াসেই সেটি পাহাড়সম চাপ হয়ে বসতে পারত। কিন্তু সৌরাষ্ট্রের এই তরুণ কাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে করে ফেললেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেলেন দ্রাবিড়ের ছেড়ে যাওয়া ৩ নম্বরে ব্যাট করে। জানিয়ে দিলেন টেস্ট ক্রিকেটে তিনি থাকতেই এসেছেন এবং ওয়ানডাউন ব্যাটসম্যান হিসেবেই।২৪ বছর বয়সী এই ডানহাতির অপরাজিত ১১৯ রানের কল্যাণে ৫ উইকেটে ৩০৭ রানে দিন শেষ করেছে ভারত। টস জিতে ব্যাট করা স্বাগতিকেরা ১২৫ রানেই ৩ উইকেট হারিয়ে পড়ে গিয়েছিল চাপে। গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকারকে ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ড শুরুটা করেছিল বেশ ভালো। এরপরই অবশ্য রাশটা আলগা হয়ে যায়। আর আলগা করার কাজটা করেছেন পূজারা ও বিরাট কোহলি। চতুর্থ উইকেটে ১২৫ রান যোগ করেছেন এই দুজন। ২৫০ রানের মাথায় ৫৮ রান করে আউট কোহলি। ১০ রান পরেই ফিরে যান লক্ষ্মণের জায়গা নেওয়া সুরেশ রায়না (৩)। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর বিপদে পড়তে দেননি। দিন শেষে ২৯ রানে অপরাজিত ভারতীয় অধিনায়ক। চতুর্থ টেস্ট খেলতে নামা পূজারা স্বচ্ছন্দ ছিলেন পেস-স্পিন দুটির বিপক্ষেই। তাঁর ২২৬ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও কেন উইলিয়ামসকে উড়িয়ে মারা একটি ছক্কা। ভাগ্যের সহায়তাও পেয়েছেন পূজারা। ৬০ রানের মাথায় জিতান প্যাটেলের বলে তাঁর ক্যাচ ছেড়েছেন ড্যানিয়েল ফ্লিন।ক্যাচ পড়েছে বিরাট কোহলিরও। ৪৬ রানে ক্রিস মার্টিনের বল ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ তুলেছিলেন। কিউই অধিনায়ক রস টেলর ক্যাচ তো ধরতে পারেনইনি উল্টো চার হয়ে ফিফটি পূর্ণ হয় কোহলির।ভারতের দুই ওপেনারই আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। সাংসদ হওয়ার পর খেলা প্রথম ইনিংসে বোল্ড হয়েছেন শচীন টেন্ডুলকার। ট্রেন্ট বোল্টের ভেতরে ঢোকা দারুণ এক বলের কোনো জবাব দিতে পারেননি টেন্ডুলকার। টেস্টে এই নিয়ে ৪৯ বার বোল্ড হলেন ব্যাটিং কিংবদন্তি। এএফপি।