পূরণ সিংয়ের ইচ্ছেপূরণ
১৮৯৯ সালে ভাগ্যের সন্ধানে অস্ট্রেলিয়া গিয়েছিলেন পূরণ সিং। ঘোড়ায় টানা গড়িতে করে এ-শহরে ও-শহরে জিনিসপত্র ফেরি করে বেড়াতেন। নিঃসন্তান, সহায়-সম্বলহীন এই মানুষটির মৃত্যু হলো ভিক্টোরিয়ার ওয়ার্নাম্বুল শহরে। মারা যাওয়ার আগে পরিচিতদের বলে গেলেন, সৎকার করার পর তাঁর দেহভস্ম যেন পাঠিয়ে দেওয়া হয় ভারতে; গঙ্গায় ভাসিয়ে দেওয়ার জন্য।এমন শেষ ইচ্ছা নিয়ে প্রবাসে তো কতজনেরই মৃত্যু হয়। সবার ইচ্ছাই খবর হয় না। পূরণ সিংয়ের দেহভস্ম এই ৬৩ বছর পর খবর হলো, খেলার পাতার খবর। কারণ গঙ্গায় ভাসানোর জন্য সেই দেহভস্ম দেশে ফিরিয়ে আনতে গেলেন কপিল দেব!ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলছেন যে আনন্দ অজ্ঞাতকুলশীল এক ফেরিওয়ালার শেষ ইচ্ছা পূরণ করে পেয়েছেন, তার কোনো তুলনা নেই, ‘আমার কাছে অসাধারণ একটা কাহিনি মনে হয়েছে। আমার জীবনে যা কিছু করেছি, সবকিছুর চেয়ে আলাদা এই কাজটা। গল্পটা অনেক অনেক লোকের হূদয় ছুঁয়ে গেছে।’পূরণ সিংয়ের এই গল্প অস্ট্রেলিয়ান লোকজনেরও হূদয় কম ছুঁয়ে যায়নি। ১৯৪৭ সালে, ভারতের স্বাধীনতার বছরই মারা যান পূরণ সিং। ওয়ার্নাম্বুল শহর কর্তৃপক্ষ তাঁর মৃতদেহ সৎকারের জন্য মেলবোর্নে তখনকার অস্ট্রেলিয়ার একমাত্র শ্মশানে পাঠিয়ে দেয়। পরে কর্তৃপক্ষ ভারতে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কাউকে খুঁজে পায়নি তারা। ১৯৮০ সালে আবার একবার এই দেহভস্ম পাঠানোর উদ্যোগ নেয় তারা। তখনো ব্যর্থ হয় কর্তৃপক্ষ। কিন্তু ঘটনাটা জানাজানি হয়ে যায়।গল্পটা অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের সঙ্গে সহিংসতার সময় কানে আসে কপিল দেবের। তার পরই তাঁর এই উদ্যোগ, একজন ফেরিওয়ালা নায়ক হয়ে ওঠেন একজন বিশ্বজয়ীর কাছেও। এএফপি।