পূর্ণকালীন কোচ হবেন না ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ ফ্লাইট, বিশাল টার্ন। ব্যাটসম্যান রোহিত শর্মা বিভ্রান্ত তো হলেনই, হাত থেকে ব্যাটই ছুটে গেল। পেশাদারি ক্যারিয়ারের শেষ উইকেটটিতেও সেই ‘ওয়ার্নীয়’ ঔজ্জ্বল্য। বিদায়বেলায় শেন ওয়ার্নকে শেন ওয়াটসন উপহার দিলেন আইপিএলে তাঁর সেরা বোলিং (৩/১৯) ও ব্যাটিং (৪৭ বলে ৮৯)। শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ে জিততে পারেননি, তবে দলীয় লড়াইয়ে ঠিকই জিতেছেন। ১০ উইকেটের জয়ে ওয়ার্নের বিদায় হলো স্মরণীয়।‘২০০৭ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় ভেবেছিলাম, এখন বসে বসে খেলা দেখব আর উপভোগ করব। কিন্তু পরে আইপিএল এল। আইপিএলে চারটি বছর আমার দারুণ কেটেছে’—ওয়ার্নের এই কথা শুনে ভাষ্যকার ড্যানি মরিসনের পাল্টা প্রশ্ন, ‘তবে কি আবারও খেলার সম্ভাবনা আছে?’ সহাস্যে ওয়ার্নের জবাব, ‘অনেক হয়েছে, আর নয়। বয়স এ বছরই ৪২ হচ্ছে। ব্যক্তিগতভাবে ও ব্যবসায়িক দিক থেকেও আমি এখন ভালো অবস্থায় আছি। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’তবে ক্রিকেটার হিসেবে না হলেও আইপিএলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি স্পিন কিংবদন্তি, ‘চার বছর রয়্যালসের নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। জীবনে ‘‘কখনোই না’’ কখনো বলা যায় না, বিশেষ করে আমার জীবনে। কোনো না কোনোভাবে আইপিএলের সঙ্গে যুক্ত হতে আমার ভালো লাগবে। জানি না সেটি রাজস্থান রয়্যালসের সঙ্গেই হবে কি না, দলের মালিকদের সঙ্গে কথা বলতে হবে। আমাকে তাঁরা অনেক সমর্থন দিয়েছেন, কিছুটা ফিরিয়ে দিতে পারলে খুশি হব।’ তবে ফিরলেও কোচ হিসেবে যে নয়, সেটা নিশ্চিত করে দিয়েছেন, ‘পূর্ণকালীন কোচ হতে চাই না। সাত সপ্তাহ ধরে কাজ করা সম্ভব হবে না। বরং পরামর্শক হতে পারি। হতে পারে টুর্নামেন্টের আগে ১০ দিন বা মাঝে এক সপ্তাহ বা শেষে।’ক্যারিয়ারের নতুন এক অধ্যায় সৃষ্টির সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন আইপিএলকে। কণ্ঠ মিলিয়েছেন আইপিএলের জন্য আলাদা একটি জানালার দাবির সঙ্গে। আর ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিয়েছেন একটা পরামর্শ, ‘বিশ্ব ক্রিকেটের কেন্দ্র হিসেবে ভারতের উচিত ক্ষমতার সদ্ব্যবহার করতে দায়িত্বশীল হওয়া। আমরা চাই না আরও বেশি অর্থের আশায় ছোট দেশগুলোকে মাড়িয়ে যাক শক্তিশালী দেশ।’ ওয়েবসাইট।