পূর্ণতা পেল মুরালির বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিলকরত্নে দিলশানের বলে স্টাম্পিংয়ের আবেদনে ইশান্ত শর্মার ‘প্রাণ’ তখন থার্ড আম্পায়ারের হাতে। বড় পর্দায় ‘নটআউট’ ভেসে উঠতেই গ্যালারিতে বিপুল হর্ষধ্বনি। মুহূর্তের জন্য গল আন্তর্জাতিক স্টেডিয়ামকে মনে হলো যেন ইডেন, চেন্নাস্বামী কিংবা কোটলা! মুত্তিয়া মুরালিধরনের ৮০০ উইকেটের আশা বেঁচে থাকল, এমন উল্লাস তো হবেই!মুরালির আরেকটি ‘প্রথম’ নিয়ে কাল প্রায় পুরো দিনই হলো নানা নাটক। ম্যাচের ফলাফল নিশ্চিত হয়ে গিয়েছিল দিনের প্রথম ৫ ওভারেই। ৫ উইকেট হাতে নিয়ে দিন শুরু করা ভারত হারিয়ে ফেলে মহেন্দ্র সিং ধোনি ও হরভজনকে। হরভজনের উইকেটটি নিয়েই শিকার ৭৯৯-তে নিয়ে যান মুরালিধরন। বাকি তখনো ৩ উইকেট, মনে হচ্ছিল, খুব সহজেই ছুঁয়ে ফেলবেন মাইলফলক। ধৈর্যের পরীক্ষা শুরু এর পরই।উইকেটে গেড়ে বসলেন ভিভিএস লক্ষ্মণ, বোলিংয়ের মতো ব্যাট হাতেও নিজেকে চেনালেন অভিষিক্ত অভিমন্যু মিঠুন, বল খেলার ‘সেঞ্চুরি’ করে ফেললেন ইশান্ত শর্মাও। লক্ষ্মণ ফিরলেন রানআউটে, মিঠুনকে ফেরালেন মালিঙ্গা। ভারতের শেষ ব্যাটসম্যান যখন উইকেটে, মুরালি তখনো দাঁড়িয়ে ৭৯৯-তেই। এরপর শেষ জুটি খেলে ফেলল ১৫ ওভারের বেশি। মুরালির বোলিংয়ে একের পর এক আবেদন নাকচ হতে থাকল। ব্যাটের কানা ছুঁয়ে বল পড়তে থাকল ছাতার মতো ঘিরে থাকা ফিল্ডারদের আশপাশে। উইকেটশূন্য থাকলেন টানা ২৩ ওভার, প্রতি মুহূর্তেই মনে হলো, এই বুঝি উইকেটটা নিয়ে নিল অন্য কেউ।অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ, স্থানীয় সময় বেলা ১টা ৫৫ মিনিটে মুরালিধরনের বলে প্রজ্ঞান ওঝার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ল মাহেলা জয়াবর্ধনের হাতে। বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ পেয়ে ভরে ওঠা গ্যালারিতে গর্জন উঠল, পটকা ফুটল। টেস্ট ক্রিকেটের শেষ দিনটিতে মাঠে ঢুকেছিলেন মুরালি লালগালিচার ওপর দিয়ে, অসংখ্য ইতিহাসের জন্ম দেওয়া জাদুকর আরও একটি ইতিহাস গড়ে মাঠ ছাড়লেন সতীর্থদের কাঁধে। মহানায়কের বিদায়ের চিত্রনাট্যটা যেন নিজ হাতেই লিখেছিলেন ক্রিকেট-বিধাতা, শ্রীলঙ্কা না জিতলে কি আর হয়! আনুষ্ঠানিকতা সারতে দুই শ্রীলঙ্কান ওপেনার সময় নিয়েছেন মাত্র ১৪.১ ওভার।মুরালিময় টেস্ট, তবু কিছু প্রশংসা প্রাপ্য লাসিথ মালিঙ্গারও। ৩১ মাস পর টেস্টে ফিরে ক্যারিয়ার-সেরা ব্যাটিং করলেন, দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার-সেরা বোলিং করে হলেন ম্যাচ-সেরা। মুরালির বিদায়টা এমন পূর্ণতায় ভরিয়ে দিতে ভূমিকা তো তাঁরও আছে!