সংক্ষিপ্ত রায় ঘোষিত হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি। এর সপ্তাহ তিনেকের মধ্যে পূর্ণাঙ্গ রায় ঘোষণার করার কথা থাকলেও ট্রাইব্যুনাল তিন মাসেরও বেশি সময় পর বিপিএল ফিক্সিংয়ের পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবেন ৮ জুন।
ট্রাইব্যুনালের সদস্য সাবেক ক্রিকেটার শাকিল কাসেম কাল টেলিফোনে বলেছেন, ‘পূর্ণাঙ্গ রায় ঘোষণার প্রস্তুতি শেষ। ৮ জুন পূর্ণাঙ্গ রায় ঘোষণার পর ১৮ জুন স্যাংশন হিয়ারিং হবে। শাস্তি ঘোষণা হবে এরপর।’ এর আগে সংক্ষিপ্ত রায়ে শুধু বিপিএলে ফিক্সিংয়ের অপরাধে কারা দোষী আর কারা নির্দোষ সেটাই বলা হয়েছিল। পূর্ণাঙ্গ রায়ে থাকবে কেন তাঁরা দোষী বা নির্দোষ সাব্যস্ত হলেন, তার বিস্তারিত ব্যাখ্যা। আইসিসি, বিসিবি এবং অভিযুক্ত—সবাইকে একসঙ্গে ই–মেইলে পূর্ণাঙ্গ রায় জানাবেন ট্রাইব্যুনাল।
অভিযুক্ত নয়জনের মধ্যে মোহাম্মদ আশরাফুল বিপিএল স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন । কৌশল লোকুয়ারাচ্চি আর লু ভিনসেন্টও স্বীকার করেছেন, বিপিএলে ফিক্সিং হচ্ছে জেনেও তাঁরা ব্যাপারটি আকসুকে জানাননি । এ ছাড়া ট্রাইব্যুনালের বিচারে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীও দোষী প্রমাণিত হয়েছেন। ‘স্যাংশন হিয়ারিং’ বা শাস্তির শুনানিতে এঁদের প্রত্যেকে আবারও আত্মপক্ষ সমর্থন করতে পারবেন। আবেদন করতে পারবেন কম শাস্তি বা শাস্তি মওকুফেরও। আশরাফুলসহ তিন ক্রিকেটার অবশ্য এর মধ্যেই সে আবেদন করেছেন।
শাকিল কাসেম জানিয়েছেন, শাস্তির শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা দোষীদের শাস্তি ঘোষণা করবেন। সেটা ১৮ জুনও হয়ে যেতে পারে, শুনানি দীর্ঘায়িত হলে তার দু-এক দিন পরও হতে পারে।