পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এখন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের আমাকেই দরকার! সুইডেনের দর্শকদের যেন সে কথাই বলছিলেন রোনালদো!
বিশ্বকাপের আমাকেই দরকার! সুইডেনের দর্শকদের যেন সে কথাই বলছিলেন রোনালদো!

২০১৪ বিশ্বকাপে জায়গা পাওয়া না-পাওয়ার আশঙ্কায় পড়েছিল পর্তুগাল। সেটা দূর করেছেন অধিনায়ক নিজেই। সেটিও দুর্দান্ত এক হ্যাটট্রিকে। শুধু তা-ই নয়, দুই লেগে পর্তুগালের চার গোলের সবগুলো করেই রোনালদো বুঝিয়ে দিয়েছেন, এই দলটা তাঁর কাঁধে কতটা সওয়ার। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ভাবতেই পারেন ক্রিস্টিয়ানো রোনালদো!

ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাসটা চেপে রাখেননি ফুটবলের আলোকছটায় এই মুহূর্তে বাকি সবাইকে ম্লান করে দেওয়া এই পর্তুগিজ উইঙ্গার। তবে তাঁর কথায় থাকল দায়িত্ববোধের রেশটাও, ‘আমি জানি, এ ধরনের ম্যাচেই আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন পর্তুগালের। দুটি ম্যাচেই আমরা ভালো খেলেছি। আবারও দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।’

কালকের ম্যাচ শেষে অনিবার্যই ছিল একটা প্রশ্ন। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সেই বুকে আগুন ধরিয়ে দেওয়া মন্তব্যের পর থেকে রোনালদো যেন আগের চেয়ে আরও বেশি বিস্ফোরক। ম্যাচ শেষে উঠে এল ব্ল্যাটার প্রসঙ্গও। ‘সেনাপতি’ রোনালদো অবশ্য আগের কথাটাই বলে দিলেন আবার, ‘কারও কথার জবাব দেওয়ার দরকার নেই আমার। আমার যা জবাব, তা মাঠেই দিই।’

সুইডেন-পর্তুগালের লড়াইয়ের সঙ্গে কয়েক দিন ধরে আরেকটা লড়াইয়ের কথা বলা হচ্ছিল। রোনালদো ও ইব্রাহিমোভিচের মধ্যে লড়াই। কাল জোড়া গোল করে একসময় লড়াইটায় সমানে সমানে টক্কর দিচ্ছিলেন ইব্রা। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ছিটকেই ফেললেন রোনালদো। বিশ্বকাপে কোনো গোল না করার আপেক্ষ নিয়েই হয়তো ক্যারিয়ার শেষ করতে হবে এই সময়ের অন্যতম সেরা এই গোলমেশিনকে।

রোনালদো অবশ্য এটিকে দুজনের লড়াই মানতে নারাজ, ‘আমাদের লড়াইটা ছিল সুইডেনের বিপক্ষে। ভালো খেলেই জিতেছি আমরা। ইব্রাহিমোভিচের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। সে অসাধারণ একজন খেলোয়াড়, সুইডেনের সবচেয়ে বড় তারকা। আমি তাঁর বিপক্ষে লড়িনি। আমি লড়েছি নিজের দেশের হয়ে।’

পর্তুগালের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার পথে রোনালদো। এত দিন ৪৭ গোল নিয়ে সবার ওপরে ছিলেন পলেতা। গত রাতে পলেতার রেকর্ডকে স্পর্শ করেছেন। এখন কেবল রেকর্ডটা নিজের করে নেওয়ার অপেক্ষা। ব্যাপারটা অবশ্য খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছেন না রিয়ালের এই প্রাণভোমরা, ‘আমি সব সময় বলে এসেছি, রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। এ নিয়ে একদমই ভাবছি না। এখন পর্যন্ত আমাদের গোলসংখ্যা সমান। ভবিষ্যতে কী হবে, সেটা পরে দেখা যাবে।’

ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জেতা না-জেতা নিয়েও ভাবছেন না বলে স্পষ্ট জানিয়ে দেন রোনালদো, ‘পুরস্কারের জন্য লালায়িত নই আমি। কাউকে কিছু দেখানোর উদ্দেশ্যও আমার নেই। নিজের মতো করে খেলে যাচ্ছি। প্রতি মৌসুমে ৪০-৫০টি গোল করে যাচ্ছি। এটা কারও নাগালের মধ্যে নয়। আমি জানি, আমি কী!’ সূত্র: স্কাই স্পোর্টস।

ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে।